ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার হাইকোর্টের দ্বৈত বেঞ্চ দ্বিধাবিভক্ত রায় দেয়। দ্বৈত বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ১০ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে খালাস দেন পাঁচ আসামিকে। অপরদিকে অপর বিচারপতি নিু আদালতে দেওয়া ১৫ আসামির মৃত্যুদণ্ডই বহাল রাখেন।
২০০০ সালের ১২ ডিসেম্বর বঙ্গবন্ধু হত্যা মামলায় হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ বিভক্ত রায় দিয়েছিল। বিচারপতি মো. রুহুল আমিন নিু আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৫ আসামির ১০ জনের মৃত্যুদণ্ড বহাল রেখে পাঁচ জনকে খালাস দিয়েছিলেন।
অপর বিচারপতি এ বি এম খায়রুল হক ১৫ জনের মৃত্যুদণ্ডই বহাল রাখেন। বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম হাইকোর্টের তৃতীয় বেঞ্চের বিচারপতি হিসেবে চূড়ান্ত রায় দেন।
বিচারপতি মো. রুহুল আমিন তার রায়ে বরখাস্ত লে. কর্নেল সৈয়দ ফারুক রহমান, অবসরপ্রাপ্ত লে. কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, অবসরপ্রাপ্ত লে. কর্নেল খন্দকার আবদুর রশিদ, অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা, অবসরপ্রাপ্ত লে. কর্নেল শরিফুল হক ডালিম, অবসরপ্রাপ্ত লে. কর্নেল এ এম রাশেদ চৌধুরী, লে. কর্নেল এ কে এম মহিউদ্দিন (ল্যান্সার), অবসরপ্রাপ্ত লে. কর্নেল এস এইচ বি এম নূর চৌধুরী, অবসরপ্রাপ্ত লে. কর্নেল মো. আজিজ পাশা ও অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আবদুল মাজেদকে দেওয়া নিু আদালতের মৃত্যুদণ্ড বহাল রাখেন।
অপরদিকে বিচারপতি এ বি এম খায়রুল হক তার রায়ে বরখাস্ত লে. কর্নেল সৈয়দ ফারুক রহমান, অবসরপ্রাপ্ত লে. কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, অবসরপ্রাপ্ত লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ (আর্টিলারি), অবসরপ্রাপ্ত লে. কর্নেল খন্দকার আবদুর রশিদ, অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা, অবসরপ্রাপ্ত লে. কর্নেল শরিফুল হক ডালিম, অবসরপ্রাপ্ত মেজর আহমেদ শরিফুল হোসেন, অবসরপ্রাপ্ত লে. কর্নেল এ এম রাশেদ চৌধুরী, লে. কর্নেল এ কে এম মহিউদ্দিন (ল্যান্সার), অবসরপ্রাপ্ত লে. কর্নেল এস এইচ বি এম নূর চৌধুরী, অবসরপ্রাপ্ত লে. কর্নেল মো. আজিজ পাশা, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. কিসমত হাসেম, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন নাজমুল হোসেন আনসার, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল মাজেদ ও রিসালদার মোসলেমউদ্দিনের ফাঁসির আদেশ বহাল রাখেন।
বিচারপতি মো. রুহুল আমিন তার রায়ে বলেছেন, এই মামলার বিষয়বস্তু শুধু তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে নিহত তার আত্মীয়স্বজন হত্যাকাণ্ড। যদিও এর সঙ্গে শেখ ফজলুল হক মনি ও মন্ত্রী আবদুর রব সেরনিয়াবাতের বাড়ি ও ৩ নভেম্বর জেল হত্যার তিনটি ঘটনার উল্লেখ রয়েছে। সে তিনটি ঘটনায় পৃথক মামলা হয়েছে।
তিনি রায়ে আরও বলেন, ষড়যন্ত্রের অকাট্য প্রমাণের প্রয়োজন নেই। বিশ্বাস করার যুক্তিসংগত কারণ থাকলেই হবে- যে কোনো ব্যক্তির কার্যক্রম, বিবৃতি ও লেখা অপরাধ সংগঠনে ষড়যন্ত্র করেছে। কোনো ব্যক্তি কথা বা কাজের মাধ্যমে ষড়যন্ত্রে যোগ দিতে পারে। সকল ষড়যন্ত্রকারীকে অভিন্ন উদ্দেশ্যে একমত হতে হবে।
বিচারপতি রুহুল আমিন রায়ে বলেন, দণ্ডবিধির ৩৪ ধারার অভিন্ন ইচ্ছার উপাদান হলো কোনো নির্দিষ্ট লক্ষ্যে অপরাধমূলক কাজ করার জন্য কতিপয় ব্যক্তির মনের মিল। এরকম ইচ্ছা ঘটনাস্থলেও হতে পারে।
মামলা দায়েরের বিলম্বের যথেষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে উল্লেখ করে রায়ে তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত আসামিদের কোর্ট মার্শালে বিচার করা হয়েছে বলে আসামিপক্ষের যুক্তি বিবেচনার অবকাশ নেই। কারণ, কোর্ট মার্শাল হওয়ার বিষয়ে কোনো নথি উপস্থাপন করা হয়নি।
বিচারিক আদালত দণ্ডিতদের ফায়ারিং স্কোয়াডে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের যে রায় দিয়েছেন সে বিষয়ে বিচারপতি মো. রুহুল আমিন রায়ে বলেন, এটা সত্য যে বিচারিক আদালত রায় কার্যকরের বিষয়ে প্রথম অংশে 'একটি ফায়ারিং স্কোয়াডে প্রকাশ্যে' মৃত্যুদণ্ড কার্যকরের যে প্রক্রিয়ার কথা বলেছেন তা আইনে নেই। তাই ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি বাতিল করা হল। তবে অপর অংশে বিচারিক আদালত 'ফাঁসিতে ঝুলাইয়া' মৃত্যুদণ্ড কার্যকরের যে কথা বলেছেন তা বিদ্যমান প্রথা বলে বহাল রাখা হলো।
বিচারপতি খায়রুল হক সাক্ষ্য-প্রমাণ আলোচনা করে তার রায়ের অভিমতে বলেছেন, স্বাধীনতার সময় থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। সেনাবাহিনীকে অস্ত্র উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এই অস্ত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। গাজী গোলাম মোস্তফার ছেলের সঙ্গে অপ্রীতিকর ঘটনার কারণে মেজর ডালিম তার বাড়ি তল্লাশি করে। এই কারণে মেজর ডালিম ও মেজর নূর চাকরি হারায়।
সাক্ষ্য-প্রমাণ আলোচনা করে তিনি আরও বলেন, ১৯৭৫ সালের মার্চে কুমিল্লার বার্ড বা দাউদকান্দিতে যে ষড়যন্ত্র শুরু হয় ফারুক-রশিদসহ মূল ষড়যন্ত্রকারীরা তা লালন করে। আর ১৯৭৫ সালের ১৪ আগস্ট রাতে ষড়যন্ত্র চূড়ান্ত রূপ পায় বালুরঘাট প্যারেড গ্রাউন্ডে।
বিচারপতি খায়রুল হক রায়ে বলেন, সাক্ষ্য প্রমাণে রয়েছে, ঘটনার সময় মেজর বজলুল হুদা, মেজর এ কে এম মহিউদ্দিন, মেজর নূর, মেজর আজিজ পাশা ও রিসালদার মোসলেমউদ্দিন তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে উপস্থিত ছিলেন। সৈয়দ ফারুক রহমান ট্যাংক নিয়ে সেনানিবাস থেকে রক্ষীবাহিনীর সদর দপ্তরের দিকে যায়। মেজর সুলতান শাহরিয়ার রশিদ খান ও মেজর ফারুক নাইট প্যারেডে ছিলেন। তিনি রায়ে দণ্ডিত অপর আসামিদের অবস্থান ও কার্যকলাপ তুলে ধরেন।
তিনি রায়ে আরও বলেন, সাক্ষ্য প্রমাণে দেখা যায়, আসামিদের উদ্দেশ্য ছিল তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যা করা। এটি একটি সাধারণ হত্যাকাণ্ড নয়, এর ব্যাপক উদ্দেশ্য ছিল। হত্যাকারীরা জানত, এই হত্যাকাণ্ড দেশব্যাপী বিরূপ প্রভাব ফেলবে। তাই তারা একটি বিরাট ক্যানভ্যাসে পরিকল্পনা নিয়েছিল, যাতে এই হত্যাকাণ্ডের কেউ কোনো প্রতিবাদ না করতে পারে। হত্যাকাণ্ডের দ্বিতীয় উদ্দেশ্য ছিল রাষ্ট্রক্ষমতা দখল করা।
রায়ে বিচারপতি হক বলেন, যদিও কিছু আসামি হত্যাকাণ্ড স্থলের বেশ দূরে ছিল কিন্তু তাদের অভিন্ন উদ্দেশ্য ছিল রাষ্ট্রপতিসহ অন্যদের হত্যা করা।
তিনি রায়ে আরও বলেন, সাক্ষ্য প্রমাণে আরও দেখা যায়, পুরো সেনা, নৌ ও বিমান বাহিনী সরকারের প্রতি অনুগত ছিল। কেবল ফার্স্ট বেঙ্গল ল্যান্সার রেজিমেন্ট ও সেকেন্ড ফিল্ড আর্টিলারী রেজিমেন্টের হাতে গোনা কিছু কর্মকর্তা এই জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে।
রায়ের শেষ অংশে বিচারপতি এ বি এম খায়রুল হক বলেন, তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিছু অসন্তুষ্ট সেনা কর্মকর্তা হত্যা করে। যেভাবে নৃশংস ও নির্দয়ভাবে নিরপরাধ মানুষকে হত্যা করা হয় তাতে দণ্ড কমানোর কোনো সুযোগ নেই। দণ্ডিতদের কেউই অনুকম্পা পেতে পারে না।
তিনি আরও বলেন, বিচারিক আদালত ফায়ারিং স্কোয়াডে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন। কিন্তু তিনি আদেশে এও বলেছেন, ওই প্রক্রিয়া কঠিন হলে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে। ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের কথা বলা হয়েছে। আইনে মৃত্যুদণ্ড কার্যকরে অন্য কোনো বিধান নেই। তাই ফায়ারিং স্কোয়াডে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ আইনত নয় বলে সংশোধন করা হলো। দণ্ডিতদের ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারার বিধানমতে মৃত্যুদণ্ড কার্যকর হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০০০ ঘ.
bdnews24