ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ইউনিয়ন পর্যায়ে রাজাকারসহ মুক্তিযুদ্ধবিরোধীদের তালিকা করার কথা ভাবছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম।
বৃহস্পতিবার সংসদে সাংসদ চয়ন ইসলামের লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, "মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকার, আলবদর, আল শামস্ ও শান্তি কমিটির ইউনিয়ন পর্যায়ের নেতাদের তালিকা প্রণয়নের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে।"
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচন সম্পন্ন হওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
মুক্তিযুদ্ধকালে পাকিস্তানী দখলদার সৈন্যরা তাদের সাহায্য করার জন্য স্থানীয়দের মধ্য থেকে রাজাকার, আলবদর ইত্যাদি বাহিনী গঠন করেছিল।
বুধবার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা তালিকা থেকে 'ভুয়া' ব্যক্তিদের নাম বাদ দেওয়ার ঘোষণা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/এসকে/২১১২ঘ.
bdnews24