বাগেরহাট, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে করা মামলাটি থানায় নথিভুক্ত করা হয়েছে।
শুক্রবার রাতে শরণখোলা থানায় মামলাটি নথিভুক্ত করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ওসি নিজাম উদ্দিন।
তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি নথিভুক্ত করে উপ-পরিদর্শক ইকবাল হোসেনকে তদন্তভার দেওয়া হয়েছে।
গত ৪ জানুয়ারি শরণখোলার দক্ষিণ রাজাপুর গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন হাওলাদারের স্ত্রী খাদিজা বেগম বাগেরহাটের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আব্দুস সালাম খানের আদালতে মামলাটি করেন।
মামলায় জামায়াত নেতা ছাড়াও বিএনপির সাবেক সাংসদ মিঞা আব্বাস উদ্দিনসহ ৩৫ জনকে আসামি করা হয়েছে। মাওলানা ইউসুফের বাড়ি শরণখোলার রাজৈর গ্রামে।
মামলার নথি থেকে জানা যায়, ১৯৭১ সালের ৭ জুন সকালে বাদীর স্বামী ইসমাঈল হোসেন হাওলাদার ও খুড়িয়াখালী গ্রামের আসমত মুন্সীসহ একদল মুক্তিযোদ্ধা রাজাকার ক্যাম্পে হামলা চালালে উভয়পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়।
এক পর্যায়ে মুক্তিবাহিনীর গুলি ফুরিয়ে গেলে ইসমাঈল হোসেন ও আসমত মুন্সী রাজাকারদের হাতে ধরা পড়েন। পরে মাওলানা ইউসুফ ও মিঞা আব্বাস উদ্দিনের নেতৃত্বে আসামিরা তাদের পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে লাশ রায়েন্দা খালে ফেলে দেয়।
দুই তিনদিন পর ইসমাঈলের লাশ পাওয়া গেলেও আসমতকে পাওয়া যায়নি। পরদিন বিকালে আসামিরা বাদীর বসত বাড়িতে হামলা চালিয়ে ধান, নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মালামাল লুঠ করে। যাওয়ার সময় বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫৬ ঘ.
bdnews24