২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকারের বিরুদ্ধে কার্যপ্রণালী বিধি লংঘনের অভিযোগ

ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ সাংসদ শেখ ফজলুল করিম সেলিম জাতীয় সংসদের স্পিকারের বিরুদ্ধে কার্যপ্রণালী বিধি লংঘনের অভিযোগ তুলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2010, 05:24 PM

Updated : 24 Aug 2022, 06:07 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ সাংসদ শেখ ফজলুল করিম সেলিম জাতীয় সংসদের স্পিকারের বিরুদ্ধে কার্যপ্রণালী বিধি লংঘনের অভিযোগ তুলেছেন। আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, স্পিকার আবদুল হামিদ আগের অধিবেশনে সাংসদদের জনগুরুত্বসম্পন্ন নোটিশের ব্যাপারে মন্ত্রীদের লিখিত জবাব টেবিলে উপস্থাপনের ক্ষেত্রে কার্যপ্রণালী বিধি অনুসরণ করেননি। ডেপুটি স্পিকার অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী স্পিকারকে সমর্থন করে বলেন, এক্ষেত্রে কার্যপ্রণালী বিধির কোনো ধরনের লংঘন হয়নি। সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী, আগের অধিবেশনে সাংসদদের বাতিল হয়ে যাওয়া জনগুরুত্বসম্পন্ন নোটিশের ব্যাপারে মন্ত্রীদের লিখিত জবাবগুলো সংসদ সচিবালয় উপস্থাপন করে থাকে। কার্যপ্রণালী বিধির ৭১ ধারা অনুযায়ী, প্রত্যেক কার্যদিবসে স্পিকার তিন থেকে পাঁচটি জনগুরুত্বসম্পন্ন নোটিশ গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা মৌখিকভাবে সেগুলোর জবাব দেন। আর যেসব সাংসদের নোটিশ স্পিকার বাতিল করে দেন তারা দুই মিনিট করে নোটিশটি পড়ে শোনানোর সুযোগ পান। মন্ত্রীদেরকে বাতিল নোটিশের মৌখিক জবাব দিতে হয় না। তবে মন্ত্রীদের পরবর্তী অধিবেশনের তিন কার্যদিবসের মধ্যে অবশ্যই এসব বাতিল নোটিশের লিখিত জবাব দিতে হয়। কার্যপ্রণালী বিধি অনুযায়ী নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব শেষে সোমবার স্পিকার আবদুল হামিদ মন্ত্রীদের জবাবগুলো টেবিলে উপস্থাপন করেন। এসময় পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে সেলিম অভিযোগ করেন, "মন্ত্রীদের জবাব উপস্থাপনের ক্ষেত্রে কার্যপ্রণালী বিধি লংঘিত হয়েছে। মন্ত্রীদের কেউই উপস্থিত হয়ে নোটিশ উপস্থাপন করেননি।" দলের অপর জ্যেষ্ঠ সাংসদ তোফায়েল আহমেদ শেখ সেলিমকে সমর্থন করে বলেন, "স্পিকার এসব জবাব টেবিলে উপস্থাপনের ঘোষণা দিলেও আমরা রিপোর্ট পাইনি। অতীতে এমন জবাব উপস্থাপন হতে আমরা দেখিনি। তাই তিনি (সেলিম) ঠিকই বলছেন।" অবশ্য আওয়ামী লীগের আরেক সাংসদ সাবের হোসেন চৌধুরী কার্যপ্রণালী বিধির ৭১ ধারা পড়ে শোনান এবং বলেন, স্পিকার বিধিসম্মতভাবেই কাজ করেছেন। ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, "নোটিশের জবাব টেবিলে উপস্থাপন মানে এর উপর আর কোনো আলোচনা হবে না। আমরা গত তিনটি অধিবেশনেই এবাবে জবাব উপস্থাপন করে আসছি। তাই আমি মনে করি কার্যপ্রণালী বিধির কোনো লংঘন হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/২৩২৮ ঘ.