ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে সম্ভাব্য চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা হবে না বলে আশঙ্কা করছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
তিনি বুধবার বলেছেন, "প্রধানমন্ত্রীর ভারত সফরে যে সব চুক্তি হতে যাচ্ছে, তাতে আমাদের আশঙ্কা- ওইসব চুক্তির ফলে বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হবে।"
প্রধানমন্ত্রী আগামী ১০ জানুয়ারি ভারত যাচ্ছেন। তার সফরের সময় তিস্তার পানি বণ্টনে চুক্তি হবে বলে আশা করা হচ্ছে।
১৯৯০ সালে ভারত তিস্তার উজানে বাঁধ নির্মাণ করার পর থেকে ভাটিতে বাংলাদেশ অঞ্চলে প্রতিবছর শুকনো মৌসুমে সেচের পানির তীব্র সঙ্কট দেখা দেয়।
গত এক দশক ধরে বাংলাদেশ তিস্তার পানি বণ্টন বিষয়ে একটি চুক্তির জন্য প্রতিবেশী ভারতের প্রতি আহ্বান জানিয়ে আসছে।
তিস্তার পানি বণ্টন চুক্তি ত্বরান্বিত করতে ঢাকায় সোম ও মঙ্গলবার বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের সচিব পর্যায়ের বৈঠকে মতৈক্য হয়।
নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে দেলোয়ার বলেন, "সরকার দেশের স্বার্থ রক্ষা না করে বিদেশিদের স্বার্থ রক্ষায় কাজ করছেন। আমরা এখনো প্রতিবেশী দেশের কাছ থেকে পানির ন্যায্য হিস্যার বিষয়ে কোনো জবাব পাইনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৬৫৫ ঘ.
bdnews24