২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালী কৃষক দলের সভাপতি গ্রেপ্তার

সন্ত্রাসের অভিযোগে পটুয়াখালী জেলা কৃষক দলের সভাপতি আবদুর রব হাওলাদারকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2010, 01:21 PM

Updated : 24 Aug 2022, 06:03 PM

পটুয়াখালী, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসের অভিযোগে পটুয়াখালী জেলা কৃষক দলের সভাপতি আবদুর রব হাওলাদারকে পুলিশ গ্রেপ্তার করেছে। সদর উপজেলার ইটবাড়িয়া ২ নম্বর ব্রিজ এলাকা থেকে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ইটবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রব তালিকাভুক্ত সন্ত্রাসী বলে পুলিশ জানিয়েছে। পটুয়াখালীর সদর থানার ওসি নরেশ চন্দ্র বলেন, সোমবার বিকালে ইটবাড়িয়া দাখিল মাদ্রাসার সামনে প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে এক ঠিকাদারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন রব। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরো ছয়টি নিয়মিত মামলা ও দুইটি সাধারণ ডায়েরি রয়েছে। পুলিশ কর্মকর্তা আরো বলেন, আবদুর রব পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। রব, তার ছেলে জীবন ও পলাশের বিরুদ্ধে জোট সরকারের আমলে এলাকায় ব্যাপক চাঁদাবাজি, ছিনতাই, নারী নির্যাতন ও লুটপাটের অভিযোগ রয়েছে। ওয়ান ইলেভেন'র পর তারা পলাতক ছিলেন। সম্প্রতি রব এলাকায় এসে আবার সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯১৩ ঘ.