ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সাংসদ কামাল আহমেদ মজুমদারের দায়ের করা একটি মানহানির মামলায় তার নির্বাচনী এলাকার দলীয় নেতা সামসুদ্দিন মোল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
সোমবার মামলা দায়েরের পর কামাল মজুমদারের জবানবন্দি গ্রহণ করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম আবদুল্লাহ আল মামুন এ আদেশ দেন।
আগামী ২১ মার্চ মামলার পরবর্তী শুনানির দিনও ধার্য করেন তিনি।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৫ ডিসেম্বর মীরপুরের মণিপুর স্কুল মিলনায়তনে এক সভায় দুর্নীতিবাজ, ঘুষখোর ও রাজাকারদের দোসর আখ্যায়িত করে সামসুদ্দিন মোল্লা কামাল মজুমদারকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। এছাড়া তার নির্বাচনী এলাকাসহ বিভিন্ন স্থানে 'কামাল মজুমদারের দুর্নীতির চিত্র' শিরোনামে পোস্টারও সাঁটানো হয়েছে।
এসব কর্মকাণ্ডের মাধ্যমে সামসুদ্দিন মোল্লা কামাল মজুমদারের পাঁচ কোটি টাকার মানহানি ঘটিয়েছেন বলে মামলায় দাবি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/২২২৩ঘ.
bdnews24