ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুইটি ফৌজদারি মামলায় বিএনপি'র সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন আগাম জামিন দিয়েছে হাই কোর্ট।
পাশাপাশি কেন তাকে স্থায়ী আগাম জামিন দেওয়া হবে না, তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করা হয়েছে।
বিচারপতি এ এস এম আব্দুর রহমান ও বিচারপতি মো. রেজাউল হাসানের অবকাশকালীন বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।
হাবিবের কৌঁসুলি রফিকুল ইসলাম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাবিব হাই কোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন জানান। আদালত তাকে ছয় মাসের আগাম জামিন দিয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর ধানমণ্ডি থানায় পুলিশ হাবিবের বিরুদ্ধে মামলা দু'টি দায়ের করে। একটি মামলায় গাড়ি থেকে ১শ' বোতল ফেন্সিডিল উদ্ধার করার অভিযোগ করা হয়।
অপর মামলায় হাবিব ও তার স্ত্রী শাহানারা হাবিবের বিরুদ্ধে গাড়িতে জাতীয় সংসদের স্টিকার অবৈধভাবে ব্যবহারের অভিযোগ আনা হয়।
শাহানারাকেও ছয় মাসের অন্তর্বর্তীকালীন আগাম জামিন দেয় হাইকোর্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/কিউএইচ/এমআই/১৫৩০ ঘ.
bdnews24