রংপুর, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরের কাউনিয়া উপজেলা সদর থেকে রোববার রাতে চারটি রাম দা ও কিরিচসহ যুবলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- কাউনিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম এবং কর্মী মোহাম্মদ আলী, হোসেন আলী ও আমজাদ হোসেন। এদের সকলের বাড়ী কাউনিয়া উপজেলার হরিচরণ গ্রামে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে কাউনিয়া থানায় মামলা হয়েছে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাফিউল আলম জানান, রোববার রাত ১১ টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল কাউনিয়া বাস স্ট্যান্ডে য্বুলীগ নেতা শফিকুলের চায়ের দোকানের ভেতরে লুকিয়ে রাখা রাম দা ও কিরিচ উদ্ধার করে।
ওসি জানান, অস্ত্র রাখার অভিযোগ শফিকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা সহিংসতার প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশের কাছে খবর ছিল। তাদের বিরুদ্ধে কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মাহমুদ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছেন।
মামলার তদন্ত পুলিশ কর্মকর্তা এসআই রেজাউল ইসলাম বসুনিয়া জানান, নিরাপত্তার কারণে তাদের রংপুর কোতয়ালি থানায় স্থানান্তর করা হয়েছে।
আসামিরা কোতয়ালি থানা হেফাজতে আছে বলে নিশ্চিত করেছেন কোতয়ালি থানার ওসি নুর আলম।
কাউনিয়া উপজেলা যুবলীগের আহবায়ক হাবিবুর রহমান হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শফিকুল ইসলাম উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য। বাকি তিনজন যুবলীগের সমর্থক।
তার দাবি প্রতিপক্ষের লোকজন অস্ত্র রেখে পুলিশকে খবর দিয়ে তাদের ধরিয়ে দিয়েছে।
এই ঘটনায় কাউনিয়া থানার ওসি রাফিউল আলমের ইন্ধন রয়েছে বলে হাবিব অভিযোগ করেন।
তবে অভিযোগ অস্বীকার করে ওসি বলেন, শত শত মানুষের উপস্থিতিতে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩১ ঘ.
bdnews24