২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট ও মৌলভীবাজারে জলিলের কুশপুত্তলিকা দাহ

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল জলিলকে বহিষ্কারের দাবিতে রোববার সিলেট ও মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ করেছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও তরুণ লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2009, 02:56 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

সিলেট/মৌলভীবাজার, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল জলিলকে বহিষ্কারের দাবিতে রোববার সিলেট ও মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ করেছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও তরুণ লীগ। সমাবেশে আওয়ামী লীগের সহযোগি সংগঠনগুলো জলিলের কুশপুত্তলিকা পোড়ায়। বুধবার লন্ডনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও স্থানীয় বাংলা টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে জলিল আওয়ামী লীগ ও নির্বাচনে বক্তব্য দেন। এতে দলের মধ্যে তোলপাড় চলছে। এর জন্য বার্মিংহামে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীদের হাতে তিনি লাঞ্ছিতও হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: সিলেট: রোববার বেলা ২টায় নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশ করে সিলেট জেলা ও মহানগর যুবলীগ। সমাবেশে যুবলীগ নেতারা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জলিলকে দল থেকে বহিষ্কারের দাবি জানান। তারা বলেন, লন্ডনে মনগড়া বক্তব্য দিয়ে জলিল প্রমাণ করেছেন তার মস্তিস্ক বিকৃতি ঘটেছে। তিনি পাগলের প্রলাপ বকছেন। সমাবেশে বক্তব্য রাখেন- জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মুশফিক জায়গীরদার প্রমুখ। সমাবেশ শেষে যুবলীগ নেতাকর্মীরা জলিলের কুশপুত্তলিকা পোড়ায়। মৌলভীবাজার: দুপুরে শহরের চৌমোহনা চত্বরে যৌথভাবে সমাবেশ করে জেলা স্বেচ্ছাসেবক লীগ ও তরুণ লীগ। স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ফজলুল করিম জানান, জলিলের বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে এবং তাকে দল থেকে বহিষ্কারের দাবিতে তারা যৌথভাবে শহরে বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌমোহনা চত্বরে এসে শেষ হয়। সেখানে জলিলের কুশপুত্তলিকা দাহ করা হয়। চৌমোহনা চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মসুদ আহমদ, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ফজলুল করিম, তরুণ লীগের আব্দুল বাছিত, আব্দুর রব, আরিফ আলী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫১ ঘ.