২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পারিবারিকভাবে বিদেশে জন্মদিন পালন করছেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৩-তম জন্মদিন ২৮ সেপ্টেম্বর। দ্বিতীয় দফা প্রধানমন্ত্রী ও স্বামী ওয়াজেদ মিয়ার মৃত্যুর পরের এ জন্মদিনটি তিনি ওয়াশিংটনের বাল্টিমোরে ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায় পারিবারিকভাবে কাটাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2009, 02:29 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৩-তম জন্মদিন ২৮ সেপ্টেম্বর। দ্বিতীয় দফা প্রধানমন্ত্রী ও স্বামী ওয়াজেদ মিয়ার মৃত্যুর পরের এ জন্মদিনটি তিনি ওয়াশিংটনের বাল্টিমোরে ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায় পারিবারিকভাবে কাটাবেন। নিউ ইর্য়ক সফরে টানা ছয়দিন প্রচণ্ড কর্মব্যস্ত সময় কাটানোর পর জন্মদিনে হাসিনার পাশে থাকবেন তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও শেখ রেহানার ছেলে- মেয়েরা। নাতী-নাতনীসহ এবারই সবাই একত্রে জন্মদিন পালন করবেন। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুিঙ্গপাড়ায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ফজিলাতুন নেছার ঘরে হাসিনার জন্ম। ১৯৭৫ সালের ১৫ আগস্ট দেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম বর্বর হত্যাকাণ্ডে বোন শেখ রেহানা ছাড়া পরিবারের বাকি সবাইকে হারান বঙ্গবন্ধুর এ প্রথম সন্তান। দু' বোনই ওই সময় দেশের বাইরে থাকায় বেঁচে যান। তবে দেশে ফিরে ২১ আগস্টের গ্রেনেড হামলাসহ একাধিকবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসেন আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। এ সময়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার নৈশভোজে অংশ নিয়ে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ওবামা ওই আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশে আসার আগ্রহ ব্যক্ত করেন। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতোই বাংলায় ভাষণ দিয়ে বিশ্ব নেতাদের নজর কাড়েন হাসিনা। ভাষণে শান্তিরক্ষা মিশনের নীতি ও কৌশলে প্রতিনিধিত্ব দাবি, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার প্রস্তাব করা হয়। ৩৫ মিনিটের এ ভাষণে তিনি জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে সামনের পরিস্থিতি মোকাবেলায় নিজস্ব তহবিলে আন্তর্জাতিক সহায়তা চান। সাধারণ পরিষদের অধিবেশন ছাড়াও প্রধানমন্ত্রী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। জন্মদিন পালনের জন্য ছেলের বাসায় যাওয়ার আগ পর্যন্ত ব্যস্ত সময় কাটান তিনি। ২৮ সেপ্টেম্বর সকালে শেখ হাসিনা সড়কপথে ওয়াশিংটনের বাল্টিমোর যাবেন। সেখানে তার চোখ ও কানের নিয়মিত পরীক্ষা ও চিকিৎসার ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নেবেন। আগামী ১ অক্টোবর তিনি দেশে ফিরবেন। এদিকে, দেশে শেখ হাসিনার অনুপস্থিতিতেই আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে দিনটি উদযাপন করা হবে। এর আগে ঢাকায় পারিবারিকভাবে বাড়িতে তার জন্মদিন পালিত হলেও দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ তাকে শুভেচ্ছা জানাতেন। বাবার রাজনীতির সূত্র ধরে আপাদমস্তক ওই আবহে বড় হওয়া শেখ হাসিনা কলেজ জীবনেই প্রত্যক্ষ রাজনীতিতে জড়ান। ১৯৬২ সালে স্কুল ছাত্রী থাকাকালে ছাত্র আন্দোলনে যোগ দেন। ১৯৬৫ সালে তিনি ছিলেন তখনকার সরকারি ইন্টারমিডিয়েট কলেজের নির্বাচিত সহ-সভাপতি (ভিপি)। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্র লীগ শাখার সাধারণ সম্পাদকও (জিএস) হন তিনি। '৭৫ এর পর থেকেই উপদলীয় কোন্দল, গ্র"পিং-লবিং এ বিপর্যস্ত হয়ে পড়ে দেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগ। দলকে টিকিয়ে রাখতে কাণ্ডারি হিসেবে ফিরিয়ে আনা হয় দীর্ঘ দিন ভারতে নির্বাসিত জীবনে থাকা হাসিনাকে। ১৯৮১ সালের ১৭ মে লাখ লাখ মানুষের উষ্ণ ভালোবাসায় অভিষিক্ত হয়ে মাতৃভূমিতে ফেরেন তিনি। শুরু হয় রাজনীতির জটিল পথে হাসিনার নবযাত্রা। অবশ্য এর আগেই ফেব্র"য়ারিতে ঢাকায় ইডেন ভবনে দলের এক সভায় তাকে সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয়। হাসিনা দেশে ফেরার পর পরই তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান নিহত হন। বিচারপতি আবদুস সাত্তার রাষ্ট্রপতি নির্বাচিত হন। বঙ্গবন্ধু ভবনটি তিনি শেখ হাসিনাকে ফিরিয়ে দেন। ১৯৮২ সালের মার্চের শেষে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন এরশাদ। তার শাসনামলে ১৫ দলীয় জোট গঠন করে দুর্বার গণআন্দোলন গড়ে তোলেন হাসিনা। এরশাদবিরোধী আন্দোলনের সময় বেশ কয়েকবার শেখ হাসিনাকে গৃহবন্দি করা হয়। তাকে হত্যারও চেষ্টা চলে। ১৯৮৬ সালের নির্বাচনে অংশ নিয়ে বিরোধী দলীয় নেতা হন। পরে পদত্যাগও করেন। ১৯৯০ সালের ৬ নভেম্বর তিনি ঢাকায় এক সমাবেশে শান্তিপূর্ণ উপায়ে এরশাদের ক্ষমতা হস্তান্তরের ফর্মুলা ঘোষণা করেন। সাবেক প্রধামন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপিসহ ৭ দলীয় জোটও একই আন্দোলনে রাজপথে ছিলো। ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বেই দীর্ঘ ২১ বছর পর ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনও নির্বাচিত সরকার মেয়াদ পূরণ করে। ১৯৯৮ সালে পারমাণবিক পরীক্ষার পর ভারত ও পাকিস্তানে তীব্র উত্তেজনা দেখা দিলে শেখ হাসিনা দেশ দুটি সফর করে উত্তেজনা প্রশমনের চেষ্টা করেন। এছাড়া ১৯৮৬ সালের চতুর্থ, ১৯৯১ সালের ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন তিনি। ওয়ান ইলেভেনের পর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ১৬ জুলাই দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয় হাসিনাকে। পরের বছরের ১১ জুন সরকারের নির্বাহী আদেশে মুক্ত হয়ে পরদিনই চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যান। দীর্ঘ পাঁচ মাস চিকিৎসার পর ওই বছরের ৬ নভেম্বর ফিরেই ঝাঁপিয়ে পড়েন নির্বাচনী প্রচারে। নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশের প্রতিশ্র"তি দিয়ে ২০০৮ সালের ২৯ শে ডিসেম্বরের নির্বাচনে ভূমিধ্বস বিজয় পায় হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার। দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। ক্ষমতাসীন হয়ে ওয়ান-ইলেভেনের পর তার নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া দলের নেতাদের বাদ দিয়ে প্রবীণ ও নবীনের সমম্বয়ে মন্ত্রিসভা গঠন করে চমক দেখান তিনি। গত ২৪ জুলাই আওয়ামী লীগের ২০-তম জাতীয় সম্মেলনে দলের কাউন্সিলেও একই রকমের চমক দেখান। আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে জানানো হয়েছে, শেখ হাসিনার জন্ম দিন উপলক্ষে সোমবার বাদ আছর ঢাকা মহানগর আওয়ামী লীগ তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করেছে। তারা এ দিন এতিম ও দুস্থদের মাঝে উন্নত খাবার বিতরণ করবে। এর আগে, সকাল ১১টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে যুবলীগের পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরী প্রধান অতিথি থাকবেন। যুবলীগ যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মাঝে মিষ্টি বিতরণ করবে। এছাড়াও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সোমবার বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ মিলাদ ও দোয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএইচ/২০৩০ ঘ.