পাবনা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার বেড়া উপজেলায় শনিবার দুপুরে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
সার্কাসের টাকা তোলাকে কেন্দ্র করে ওই সংঘর্ষ হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
নিহত আজিজুল হক (৩৫) বেড়ার একটি ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার বাড়ি উপজেলার ছোট পাইনা গ্রামে।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১২টার দিকে পৌর কাউন্সিলর শামিম হোসেন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা আলমের অনুসারীদের মধ্যে ওই সংঘর্ষ হয়।
দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয় বলে ওসি জানান।
তিনি বলেন, সংঘর্ষে ঘটনাস্থলেই আজিজুলের মৃত্যু হয়।
আহতদের মধ্যে রমজান আলী (৩৫) ও আব্দুল মান্নান (৫০) নামে দুইজনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৮০০ ঘ.
bdnews24