সৈয়দ নাহাস পাশা
লন্ডন থেকে
লন্ডন, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল জলিলকে যুক্তরাজ্যের বার্মিংহামে লাঞ্ছিত করেছে স্থানীয় যুবলীগের কর্মীরা।
সেনাসমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আওয়ামী লীগের এক ধরনের সমঝোতা হয়েছিল বলে দলের সাবেক সাধারণ সম্পাদক জলিল বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটা (বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টা) জলিল বার্মিংহামের কভেন্ট্রি রোডে একটি মানিচেঞ্জার প্রতিষ্ঠান উদ্বোধন করতে গেলে যুক্তরাজ্য যুবলীগের বিক্ষুব্ধ ১০-১২ জন কর্মী শ্লোগান দিয়ে তাকে ধাওয়া করে। ওই সময় সেখানে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় যুবলীগের এক নেতা জানান, এ সময় তারা জলিলের কাছে জানতে চান, তিনি কেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সর্ম্পকে নেতিবাচক কথাবার্তা বলছেন। এক পর্যায়ে তারা জলিলের ওপর চড়াও হলে তার সঙ্গে থাকা লোকজন তাকে মানিচেঞ্জার প্রতিষ্ঠানের ভেতরে একটি কক্ষে নিয়ে যান।
ঘটনার পর যুবলীগর্র্র্ কমীরা শ্লোগান দিতে দিতে চলে যান।
লন্ডনে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে জলিল অভিযোগ করেন, উপদেষ্টা পরিষদে রেখে অনেক জ্যেষ্ঠ নেতার প্রতি 'অন্যায়' করেছেন শেখ হাসিনা। একই সঙ্গে তিনি বর্তমান মন্ত্রিসভার ৯০ শতাংশকেই 'সংস্কারপন্থী' হিসেবে আখ্যায়িত করে বলেন, তারা প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) সঙ্গে সম্পর্ক রাখতেন।
জলিল বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশে ফিরে দলীয় পদ ধরে রাখার জন্য সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বিরোধে যাওয়া উচিত ছিল। না যাওয়াটা আমার ভুল ছিল। তার প্রতি বেশি আনুগত্যই আমার অপরাধ।"
জরুরি অবস্থা জারির পর ২০০৭ সালের ২৮ মে জলিলকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের ২ মার্চ প্যারোলে মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান তিনি। ছয় মাস পর ৩১ আগস্ট দেশে ফেরেন।
এরপর অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় ২০ অক্টোবর হাইকোর্ট জলিলকে জামিন দেয়।
জামিন পাওয়ার পর আদালত চত্বরে বসেই জলিল সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালনের ঘোষণা দিলে এ নিয়ে দলের নীতি-নির্ধারকদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়। কারণ, গ্রেপ্তার অবস্থায় নিজের স্বাক্ষর করা একটি চিঠিতে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন জলিল। তখন দলে গণতন্ত্র নেই- অভিযোগ করে এর জন্য আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকেও দায়ী করেন তিনি।
কারামুক্তির পর জলিল চিঠির সব বক্তব্য অস্বীকার করেন। এরপর থেকে তাকে দলের পদে রাখা হলেও দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি।
এমনকি কাউন্সিলের কোনও কাজে তাকে যুক্ত করা হয়নি। ওই ক্ষোভ থেকে গত জুলাইয়ে জাতীয় কাউন্সিলের তিনদিন আগে পদত্যাগ করেন আবদুল জলিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/এসএইচ/এইচএ/০২২৮ ঘ.
bdnews24