ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের দিন ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনে অবসরপ্রাপ্ত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ঢুকতে না দেওয়ায় বিএনপিসহ এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন।
মঙ্গলবার পৃথক পৃথক বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করা হয়।
ঈদের দিন বিকালে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আবদুল হালিম, সাবেক পররাষ্ট্র সচিব এম মহসিন, সাবেক স্বরাষ্ট্র সচিব জহুরুল ইসলাম, সাবেক আইন সচিব আলাউদ্দিন সরদার, সাবেক প্রধানমন্ত্রীর সচিব খন্দকার শহীদুল ইসলাম, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, শফিক রেহমানসহ অন্তত ৫০ জন বিশিষ্ট নাগরিক শুভেচ্ছা জানাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে তাদেরকে বাসভবনের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,''ঈদের দিন বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন অবসরপ্রাপ্ত ৫০ জনের মতো সিনিয়র কর্মকর্তা ও শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ। কিন্তু তাদেরকে বাসভবনে ঢুকতে দেওয়া হয়নি। এটা দুঃখজনক ঘটনা।''
সাবেক মন্ত্রিপরিষদ সচিব আবদুল হালিম ক্ষোভ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''আমি ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে ফিরে এসেছি। শহীদ মইনুল সড়কের প্রবেশ মুখে নিরাপত্তা রক্ষাকারী সদস্যরা আমাকে জানায়, সরকারের উচ্চ পর্যায়ের অনুমতি লাগবে। এভাবে বাধা দেওয়াটা বেদনাদায়ক।''
জাতীয়তাবাদী যুব দলের সভাপতি বরকত উল্লাহ বুলু ও সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খান ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কৃষক দলের সভাপতি ফখরুল ইসলাম আলমগীর ও সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু প্রমুখ নেতারা সরকারের এহেন কার্যক্রমকে হীনমন্যতা বলে প্রতিবাদ জানান।
তারা বলেন, ''এর মাধ্যমে সরকারের স্বৈরাচারী মনোভাব প্রকাশ পেয়েছে।''
নেতৃবৃন্দ সরকারকে এরকম নীতি পরিহারের আহবানও জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯২৭ ঘ.
bdnews24