ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বিরুদ্ধে ১৫ বছর আগে দায়ের করা নিয়ম ভঙ্গ করে বিটুমিন ইমালশন (আলকাতরা) ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলা প্রত্যাহারের সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার জেলা প্রশাসকের কার্যালয় থেকে 'রাজনৈতিক হয়রানিমূলক' মামলা প্রত্যাহারের জন্য গঠিত চার সদস্যের কমিটি এ মামলাটি 'হয়রানিমূলক' বিবেচনা করে মন্ত্রণালয়ে পাঠান।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জন্য ওই আলকাতরা কেনা হয়েছিল।
বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) অমিতাভ সরকার এবং ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু।
১৯৯৪ সালের ৩১ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা সাজ্জাদ হোসেন।
মামলার নথি-পত্র অনুসন্ধানে দেখা যায়, দীর্ঘ ১৫ বছরেও মামলাটির অভিযোগপত্র দাখিল করা হয়নি। এ মামলায় জামিনে রয়েছেন ক্ষমতাসীন মহাজোটের অংশীদার জাতীয় পার্টি নেতা এরশাদ।
মামলার অভিযোগে বলা হয়, এইচ এম এরশাদ ১৯৮৪ সালে ক্ষমতার অপব্যবহার করে নিজেকে ও অন্যকে লাভবান করার জন্য সওজ এর মোট প্রয়োজনের অর্ধেক বিটুমিন ইমালশন মালিবাগ এলাকার মেসার্স জাকির ইন্ডাস্ট্রিজের কাছ থেকে কেনার আদেশ দেন।
সরকারি সিদ্ধান্ত ছিল যে সওজ কর্তৃপক্ষ কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো নির্মাণ সামগ্রী কিনে ঠিকাদারকে সরবরাহ করতে পারবে না।
ওই আদেশের পরিপ্রেক্ষিতে জাকির ইন্ডাস্ট্রিজ থেকে বিটুমিন ইমালশন কেনায় ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে অপরাধ করেছেন এরশাদ।
অভিযোগে আরও বলা হয়, বিশেষজ্ঞদের পরীক্ষায় ধরে পড়ে ১৭ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৭৮০ টাকা মূল্যের ওই বিটুমিন ইমালশন রাস্তা তৈরির জন্য মানসম্মতও নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/এসকে/১৯৫৪ঘ.
bdnews24