ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতা কাজী জাফর আহমদকে সোমবার গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজধানীর ল্যাব এইড কার্ডিয়াক সেন্টারে ভর্তি এ নেতাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রাত পৌনে বারোটায় কাজী জাফরের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার কিডনি ও হৃদরোগ বিশেষজ্ঞরা তাকে পরীক্ষা করে পরবর্তী করণীয় স্থির করবেন।
এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর এ সদস্যকে সোমবার সকাল ১১টায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল এবং পরে ল্যাব এইড কার্ডিয়াক সেন্টারের সিসিইউতে ভর্তি করা হয়।
কাজী জাফর বেশ কিছু দিন ধরে উচ্চ রক্তচাপ, ফুসফুসের জটিলতা ও কিডনি সমস্যাসহ বিভিন্ন রোগে ভুুগছেন। তার রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/এসএম/এজে/এসকে/২৩৫১ঘ.
bdnews24