ঢাকা, ১২ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে বিদ্যুৎ আনার বিরোধীতা করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
শনিবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিং-এ দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন দলের এ অবস্থান তুলে ধরেন।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির বক্তব্যের বিরোধিতা করে তিনি বলেন, "ভারত থেকে বিদ্যুৎ আনা সঠিক হবে না। কারণ, ভারতের কাছ থেকে আমরা কোনো ইতিবাচক সহযোগিতা কখনো পাইনি।''
চার দিনের ভারত সফর শেষে ঢাকায় ফিরে শুক্রবার দীপু মনি এক সংবাদ সম্মেলনে বলেন, "দু'দেশের বিদ্যুৎ সরবরাহ গ্রীডের মধ্যে সংযোগ স্থাপনের পর ভারত বাংলাদেশের কাছে 'অগ্রাধিকার ভিত্তিতে' ১০০ মেগাওয়াট বিদ্যুৎ বিক্রি করবে।"
পররাষ্ট্রমন্ত্রী গত ৭ থেকে ৯ সেপ্টেম্বর ভারত সফর করেন। ওই সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, জ্বালানিমন্ত্রী ও পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে সরকার বিদেশী স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে।
সরকারকে এ পথ পরিহার করে জনগনের কাছে দেওয়া প্রতিশ্র"তি বাস্তবায়নে কাজ করার অনুরোধ জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/১৯০৩ ঘ.
bdnews24