ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অমীমাংসিত বিষয়গুলোর সুরাহা না করে ভারতকে ট্রানজিট দেওয়ার সরকারি উদ্যোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিপ্লবী ওয়ার্র্কস পার্টি।
দলের সভাপতি খন্দকার আলী আব্বাস ও সাধারণ সম্পাদক সাইফুল হক শুক্রবার এক বিবৃতিতে একইসঙ্গে সরকারকে এ ধরনের উদ্যোগ থেকে সরে আসারও আহবান জানান।
বিবৃতিতে তারা বলেন, "মহাজোট সরকার ভারতের চাপের কাছে নতি স্বীকার করে জাতীয় স্বার্থ ও নিরাপত্তাবিরোধী সর্বনাশা পদক্ষেপ নিয়েছে। দেশবাসী এ পদক্ষেপ কোনোভাবেই গ্রহণ করবে না।
"বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করার অনুমতি দেওয়ার আগে ভারতকে অবশ্যই বাংলাদেশের সৎ প্রতিবেশীর প্রমাণ দিতে হবে।"
এশিয়ান হাইওয়ের বিষয়ে সংসদে আলোচনা না করে সিদ্ধান্ত না নেওয়ারও আহবান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা।
তারা এশিয়ান হাইওয়ের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করতে বুধবার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যেরও সমালোচনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এসএইচ/২০৩১ ঘ.
bdnews24