চট্টগ্রাম, সেপ্টেম্বর ১০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দীর্ঘদিন বিরতির পর বৃহস্পতিবার দলীয় এক কর্মসূচিতে একত্রে অংশ নিলেন চট্টগ্রাম বিএনপির প্রতিদ্বন্দ্বী দুই নেতা আবদুল্লাহ আল নোমন ও মীর মোহাম্মদ নাছির উদ্দিন।
২০০৫ সালের মে মাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে মীর নাছিরের পরাজয়ের পর এই দুই নেতার বিরোধ চরম আকার ধারণ করে। এরপর চট্টগ্রামে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি ছাড়া স্থানীয় কোনও কর্মসূচিতে তাদের আর একত্রে দেখা যায়নি।
দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার 'কারামুক্তি দিবস' উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে মহানগর বিএনপি আয়োজিত সমাবেশ ও মিছিলে পাশাপাশি অংশ নেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান ও আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মীর মোহাম্মদ নাছির উদ্দিন।
নগরীর নাসিমন ভবনের কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এতে আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সাবেক এমপি রোজী কবির, বিএনপি নেতা এএম নাজিম উদ্দিন, সামশুল আলম, ডা. শাহাদাত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
পরে একটি মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। বর্তমান সরকার 'রাজনৈতিক হয়রানিমূলক' এসব মামলা প্রত্যাহারের ক্ষেত্রে দ্বৈত নীতির পরিচয় দিচ্ছে।
বক্তারা অবিলম্বে খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের সব 'হয়রানিমূলক' মামলা প্রত্যাহারের দাবি জানান।
দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বিএনপির নেতৃত্ব দিয়ে এসেছেন নোমান ও নাছির। এ দুই নেতা ও তাদের অনুসারীদের মধ্যে বিরোধও দীর্ঘদিনের।
দুই জনের বিরোধের প্রেক্ষাপটে সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আহবায়ক করে মহানগর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/জিএনএ/২০৪৪ ঘ.
bdnews24