২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দেখা করেছেন পদোন্নতি 'বঞ্চিত'রা

প্রশাসনের পদোন্নতি না পাওয়া একদল কর্মকর্তা বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজ ও সংস্থাপন সচিব ইকবাল মাহমুদের সঙ্গে দেখা করে তাদের ক্ষোভের কথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2009, 10:26 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের পদোন্নতি না পাওয়া একদল কর্মকর্তা বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজ ও সংস্থাপন সচিব ইকবাল মাহমুদের সঙ্গে দেখা করে তাদের ক্ষোভের কথা জানিয়েছেন। যুগ্মসচিব, উপসচিব ও সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার প্রায় ৫০ জন কর্মকর্তা সকালে আব্দুল আজিজ এবং পরে ইকবাল মাহমুদের সঙ্গে দেখা করেন। পরে ওই কর্মকর্তারা সাংবাদিকদের কাছে তাদের ক্ষোভের কথা জানান। '৮৪ ব্যাচের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, "আমাদের ব্যাচের শতাধিক কর্মকর্তা যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। অথচ যোগ্যতা ও দক্ষতা থাকা সত্ত্বেও অনেককে পদোন্নতি দেওয়া হয়নি। সে কথাই জানানো হয়েছে।" '৮৫ ব্যাচের আরেক কর্মকর্তা বলেন, পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতা ও দক্ষতাই মূল হয়, তবে তাদের পদোন্নতি না হওয়ার কোনও কারণ নেই। তাদের অনেক পরে ব্যাচ '৯০ ও '৯১ সালের ব্যাচের কর্মকর্তারাও উপ-সচিব হয়েছেন। অথচ যোগ্যতা ও প্রশাসনিক দক্ষতা থাকা সত্ত্বেও তাদের 'বঞ্চিত' করা হয়েছে। এ সব যুগ্ম-সচিব, উপ-সচিব ও সিনিয়র সহকারী সচিবরা অবিলম্বে এ 'বঞ্চনা' দূর করতে সরকারের দুই শীর্ষ কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন। তবে মন্ত্রিপরিষদ সচিব ও সুপিরিয়র সিলেকশন বোর্ডের প্রধান আব্দুল আজিজ এবং সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলতে রাজি হননি। তবে সাক্ষাৎকারী কর্মকর্তারা বলেন, দুই সচিব তাদের ক্ষোভের কথা শুনেছেন। তারা তাদের অভিযোগ ও অনুযোগের ব্যাপারে মন্ত্রণালয়ে লিখিতভাবে জানাতে বলেছেন। তাদের আবেদন পেলে মন্ত্রণালয় তা বিবেচনার জন্য রিভিউ কমিটিতে পাঠানোর আশ্বাসও দিয়েছেন। গত সোমবার প্রশাসনের উপ-সচিব থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদার তিনটি পর্যায়ে ৪৯৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। যুগ্ম-সচিব থেকে অতিরিক্ত সচিব পদে ৬০ জন, উপ-সচিব থেকে যুগ্ম সচিব পদে ১৬৩ জন এবং সিনিয়র সহকারী সচিব থেকে উপ সচিব পদে ২৭১ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/জিএনএ/১৬৪৫ ঘ.