ঢাকা, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সোমবার সংসদের কার্য উপদেষ্টা পরিষদে এ সিদ্ধান্ত হয়েছে।
সংসদ অধিবেশন শুরুর আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে কার্য উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংসদ অধিবেশন ৭ কার্যদিবস পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত হয়। এছাড়া অধিবেশন প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।
কার্য উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সকাল ১১টায় স্পিকারের সভাপতিত্বে তৃতীয় অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে প্রধান বিরোধী দল বিএনপিসহ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সাংসদরা অনুপস্থিত রয়েছেন।
কার্য উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, সাংসদ তোফায়েল আহমেদ, শেখ ফজলুল হক সেলিম, আইনমন্ত্রী শফিক আহমেদ, ডেপুটি স্পিকার শওকত আলী, সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ, বিরোধী দলের পক্ষে বিএনপির জমির উদ্দিন সরকার, সাংসদ রহমত আলী, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এসইউএম/এইচএ/১১৩০ ঘ.
bdnews24