২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার সিলেটে সাইফুরের শেষ দিন কাটে যেভাবে

দীর্ঘ আট মাস পর গত শুক্রবার নিজের এলাকা বৃহত্তর সিলেট সফর করেছিলেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। ওই দিন সিলেট এসে প্রথমে বন্দরবাজার জামে মসজিদে জুম্মার নামাজ পড়েন তিনি। এরপরে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারতের পর বেলা তিনটায় সিলেট সার্কিট হাউসে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আধঘন্টার সৌজন্য বৈঠক করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2009, 02:44 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

সিলেট, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ আট মাস পর গত শুক্রবার নিজের এলাকা বৃহত্তর সিলেট সফর করেছিলেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। ওই দিন সিলেট এসে প্রথমে বন্দরবাজার জামে মসজিদে জুম্মার নামাজ পড়েন তিনি। এরপরে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারতের পর বেলা তিনটায় সিলেট সার্কিট হাউসে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আধঘন্টার সৌজন্য বৈঠক করেন তিনি। এ সময় কোন্দল ভুলে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন বর্ষীয়ান এ নেতা। এরপর সাইফুর হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করে গ্রামের বাড়ি মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন। শুক্রবারের ওই বৈঠকে সিলেটের বিএনপি নেতাদের কাছে আগামী ঈদুল ফিতরের নামাজ নগরীর শাহী ঈদগাহে আদায় করার ইচ্ছা ব্যক্ত করেছিলেন সাইফুর রহমান। এ সময় তিনি সকলকে ঈদের আগাম শুভেচ্ছা জানান এবং সিলেটবাসীকে তার জন্য দোয়া করার অনুরোধ জানান। মহানগর বিএনপির সাবেক সভাপতি আরিফুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"সাইফুর রহমান সিলেটের শাহী ঈদগাহে আগামী ঈদুল ফিতরের নামাজ আদায় করতে চেয়েছিলেন। কিন্তু তার শেষ ইচ্ছাটি পূরণ হলো না।" নবম সংসদ নির্বাচনে সিলেট বিভাগে বিএনপির ভরাডুবির পরের আট মাসে দলের নেতৃত্বে অনেক পরিবর্তন এসেছে। এ সময়টাতে শারীরিক অসুস্থতা ও নানা ঘটনায় তার আর সিলেটে আসা হয়নি বলেও জানিয়েছিলেন সিলেট-১ আসনের বিগত দুইবারের সাংসদ সাইফুর রহমান। সিলেট সফরের পরদিন শনিবার দুপুরে মৌলভীবাজার থেকে ঢাকায় যাওয়ার পথে এক দুর্ঘটনায় নিহত হন দেশে সবচেয়ে বেশি সময় ধরে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাইফুর রহমান (৭৭)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এসএইচ/২০২৭ ঘ.