ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুসলিম দেশসহ বিভিন্ন দেশের ঢাকায় নিযুক্ত কুটনীতিকদের সঙ্গে বৃহস্পতিবার ইফতার করেছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রেডিসন ওয়ার্টার গার্ডেন হোটেলে কুটনীতিকদের সম্মানে এ ইফতারের আয়োজন করেন বিরোধী দলীয় নেতা।
ইফতারে সৌদি আরব, আরব-আমিরাত, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, প্যালেস্টাইন, তুরস্ক, সুদানসহ মুসলিম দেশসমূহের রাষ্ট্রদূত ও হাইকমিশনার ছাড়াও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, যুক্তরাজ্যের হাইকমিশনার স্টিফেন ইভান্স, কুটনীতিক কোরের ডীন ও ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার আলমগীর বাবর এতে অংশ নেন।
ইফতারে ভারত, মিয়ানমার, ভিয়েতনাম, শ্রীলংকা, ফিলিপাইন, নেদারল্যান্ড, ইতালি, জাপান, চীন, কোরিয়া, অস্ট্রেলিয়া, নরওয়ে, সিঙ্গাপুর ভ্যাটিকেন সিটি, স্পেনসহ বিভিন্ন দেশের কুটনীতিক ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়া ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি), জাতিসংঘ, ইউনেস্কো, ইউরোপীয়ান কমিশনসহ বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিরাও এতে অংশ নেন।
খালেদা জিয়া ইফতারের আগে কুটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।
বিরোধী দলীয় নেতার সঙ্গে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, শমসের মবিন চৌধুরী , দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আর এ গনি, মওদুদ আহমেদ, মাহবুবুর রহমান, এম শামসুল ইসলাম, সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার, সাংসদ সালাহউদ্দিন কাদের চৌধুরী, সংসদে বিরোধী দলের প্রধান হুইপ জয়নাল আবেদিন ফারুক, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা প্রমূখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/২০২৫ ঘ.
bdnews24