২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দখলদারি-টেন্ডারবাজি ছাত্রলীগের কাজ নয়: হাসিনা

ছাত্রলীগের নেতা-কর্মীদের সংগঠনের আদর্শ মেনে চলার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, দখলদারি-টেন্ডারবাজি ছাত্রলীগের কাজ নয়। সোমবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, "যখন পত্রিকায় দখলদারি ও টেন্ডারবাজির সঙ্গে ছাত্রলীগের নাম দেখেছি, তখন খারাপ লেগেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2009, 01:37 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের নেতা-কর্মীদের সংগঠনের আদর্শ মেনে চলার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, দখলদারি-টেন্ডারবাজি ছাত্রলীগের কাজ নয়। সোমবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, "যখন পত্রিকায় দখলদারি ও টেন্ডারবাজির সঙ্গে ছাত্রলীগের নাম দেখেছি, তখন খারাপ লেগেছে। "এসব ছাত্রলীগের কাজ নয়। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যেন শিক্ষার পরিবেশ বজায় থাকে সেদিকে ছাত্রলীগকে নজর রাখতে হবে।" ছাত্রলীগসহ আওয়ামী লীগের নীতি ও আদর্শে বিশ্বাসী সব সংগঠনের সহায়তা চেয়ে শেখ হাসিনা বলেন, "আমরা আঙ্কেল দিয়ে সংগঠন চালাতে চাই না।" ১৫ আগস্ট স্মরণে মাসব্যাপী কর্মসূচির শেষ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে এ আলোচনা সভার আয়োজন করা হয়। দেশের চলমান বিদ্যুৎ সমস্যার সমাধান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও রাজধানীতে যানজট নিরসনে ছাত্রলীগের নেতা-কর্মীদের 'ক্যাম্পেন' করারও আহবান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, "বিদ্যুৎ রাতারাতি দেওয়া সম্ভব নয়। একটু কৃচ্ছতা সাধন করলেই বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব।" যানজটের কথা তুলে ধরে তিনি বলেন,"রাস্তা-ঘাটে কেউ নিয়ম মানে না। সবার ধৈর্যের খুব অভাব। সবাই আগে যেতে চায়।" গ্যাস বিক্রি করতে রাজি হয়নি বলেই ২০০১ সালে আওয়্মাী লীগ ক্ষমতায় আসতে পারেনি দাবি করে প্রধানমন্ত্রী বলেন, "শুনলাম গ্যাসের ওপর দেশ ভাসছে। গ্যাস বিক্রি করতে রাজি হয়নি বলেই ২০০১-এ আমরা ক্ষমতায় আসতে পারলাম না।" বিএনপিজোট সরকারের নাম উল্লেখ না করে তিনি বলেন, "তখন যারা ক্ষমতায় এসেছিলো তারা মুচলেকা দিয়েও গ্যাস বিক্রি করতে পারেনি।" বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ইঙ্গিত করে হাসিনা বলেন, "যারা খুনীদের মদদ দেয় এবং ১৫ আগস্ট জন্মদিন না হওয়া সত্ত্বেও জন্মদিন পালন করে খুনীদের উৎসাহিত করে, তাদের বিচারের ভার আমি জনগণের ওপর ছেড়ে দিলাম।" প্রধানমন্ত্রী তার বক্তব্যে শুরুতেই মা ফজিলাতুন্নেসা মুজিবের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগতাড়িত কণ্ঠে বলেন, "আমার মা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন পাকিস্তান নামের রাষ্ট্র থাকবে না, বাংলাদেশ স্বাধীন হবেই।" ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ড.আবুল বারাকত, মমতাজ লতিফ প্রমুখ। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএইচ/জিএনএ/১৯৫৫ ঘ.