ফরিদপুর, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট কার্যকর নেই বলে জানিয়েছেন শরিক জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।
তিনি বলেন, "চারদলীয় জোট কার্যকর নেই- এ কথা যেমন সত্যি, তেমনি ভেঙে যায়নি এ কথাও ঠিক।"
রোববার ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরের বাসায় স্থানীয় সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে মুজাহিদ এ কথা বলেন।
তিনি বলেন, "সংসদকে কার্যকর করার উদ্যোগ সরকারি দলকেই নিতে হবে। আমরা এখনও আশাবাদী সরকার ও বিরোধী দল মিলে সংসদে সব বিষয়ে কথা বলা হবে, সংসদকে কার্যকর করা হবে।"
মুজাহিদ বলেন, বিরোধী দল সরকারেরই অংশ। তাই অবহেলা না করে বিরোধীদলকে গুরুত্ব দিতে হবে।"
তিনি বলেন, "মুক্ত বাজার অর্থনীতিতে বাজারের ওপর সরকারের নিয়ন্ত্রণ থাকে না। সেখানে বিক্রেতা ও ক্রেতার ভূমিকাই মুখ্য।"
রাজনৈতিক সরকারের সময় পুলিশের ওপর চাপ থাকে বলে তারা নিরপেক্ষভাবে কাজ করতে পারে না- জানিয়ে জামায়াত নেতা বলেন, "পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়ার কথা বলা হলেও ক্ষমতায় গিয়ে কেউ কথা রাখতে পারেনি।"
এ সরকার বেশি কথা বলার সরকার বলে মন্তব্য করেন তিনি।
ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য শাহেদ আলী, জেলা জামায়াতের আমির দেলোয়ার হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩২ ঘ.
bdnews24