ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনীতিবিদদের সঙ্গে একইদিনে আলাদাভাবে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
শনিবার গণভবনে প্রধানমন্ত্রীর ইফতারে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটভুক্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতা ছাড়াও সমমনা অন্য রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
একইদিন সংসদ ভবনের এমপি হোস্টেল প্রাঙ্গণে খালেদা জিয়ার ইফতার পার্টিতে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিক দলের নেতারা অংশ নেন।
দেশের রাজনীতির এ দুই শীর্ষ প্রতিদ্বন্দ্বী নেতা পরস্পরকে কার্ড পাঠিয়ে তাদের ইফতারে আমন্ত্রণ জানালেও একই দিনে হওয়ায় তাদের পক্ষে দাওয়াত কবুল করা সম্ভব হয়নি। দুই মেরুর রাজনৈতিক দলের নেতাদের কাউকেও প্রতিপক্ষের ইফতারে দেখা যায়নি।
দু' নেতা তাদের ইফতারে অংশ নেওয়া রাজনীতিবিদদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় মোনাজাতও করা হয়।
প্রধানমন্ত্রীর ইফতারে অংশ নেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, দলের নেতা বেগম রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমীন হাওলাদার, জিয়াউদ্দিন বাবলু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সৈয়দ জাফর সাজ্জাদ, মঈনুদ্দীন খান বাদল, শিরিন আখতার।
এতে আরও অংশ সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ইউসুফ হোসেন হুমায়ুন, দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, সুরঞ্জিত সেন গুপ্ত।
মহাজোটের বাইরে অন্য দলের নেতাদের মধ্যে ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী প্রমুখ।
বিএনপি চেয়ারপারসনের ইফতার পার্টিতে জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থসহ চারদলীয় নেতৃবন্দ, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শেখ শওকত হোসেন নিলু।
এতে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, দলের কেন্দ্রীয় নেতা ও সাংসদরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএম/এইচএ/এসএইচ/২২২৮ ঘ.
bdnews24