ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক পরিবেশ ও বনমন্ত্রী শাহজাহান সিরাজ অচিরেই ছাড়া পাচ্ছেন না। তাকে মুক্তি দিতে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ অব্যাহত থাকছে।
একইসঙ্গে সুপ্রিম কোর্টের শরৎকালীন অবকাশ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে নিয়মিত আপিল আবেদন করতে সরকারকে নির্দেশও দেওয়া হয়েছে।
মঙ্গলবার প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেয়।
সুপ্রিম কোর্টের অবকাশের এক সপ্তাহ পর পর্যন্ত এ স্থগিতাদেশের মেয়াদ থাকবে।
আগামী ২৭ আগস্ট থেকে সুপ্রিম কোর্টের এক মাসের অবকাশ শুরু হচ্ছে।
গত রোববার দুপুরে সাবেক বিএনপি সহসভাপতি সিরাজকে এক ঘণ্টার মধ্যে মুক্তি দিয়ে আদালতে হাজির করতে সরকারেকে নির্দেশ দেয় হাইকোর্ট।
দুটি মামলায় জামিন পাওয়ার পরও মুক্তি না হওয়ায় আদালত অবমাননার অভিযোগে বিএনপির সহসভাপতি শাহজাহান সিরাজের করা একটি আবেদনে হাইকোর্ট ওই আদেশ দেয়।
কিন্তু পর মুহুর্তেই আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন হাইকোর্টের ওই আদেশের ওপর এক দিনের স্থগিতাদেশ দেন।
দুটি মামলায় সাজাপ্রাপ্ত শাহজাহান সিরাজ গত ৩০ জুন আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।
২০০৭ সালের ২৯ আগস্ট কর ফাঁকি ও কর সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের দায়ের করা মামলায় শাহজাহান সিরাজকে ৮ বছর কারাদণ্ড দেয় আদালত।
এছাড়া সম্পদের তথ্য গোপন করার মামলায় ২০০৮ সালের ২৩ এপ্রিল শাহজাহান সিরাজের ১৩ বছর সাজা হয়। এ মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন।
কর ফাঁকির মামলায় শাহজাহান সিরাজের স্ত্রী রাবেয়া সিরাজ এবং ছেলে রাজিব সিরাজ ও পুত্রবধূ ফারজানা খানও সাজাপ্রাপ্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এমআই/১১১১ ঘ.
bdnews24