২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিনের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করবে এভারেস্ট এন্টারপ্রাইজ

বিগত তত্ত্বাবধায়ক সরকারের নৌ-পরিবহন উপদেষ্টা এম এ মতিন এবং ওই মন্ত্রণালয়ের সাবেক সচিব শেখ মোতাহার হোসেনের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করার ঘোষণা দিয়েছে এভারেস্ট এন্টারপ্রাইজ নামের একটি বার্থ অপারেটর প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2009, 01:32 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

চট্টগ্রাম, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিগত তত্ত্বাবধায়ক সরকারের নৌ-পরিবহন উপদেষ্টা এম এ মতিন এবং ওই মন্ত্রণালয়ের সাবেক সচিব শেখ মোতাহার হোসেনের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করার ঘোষণা দিয়েছে এভারেস্ট এন্টারপ্রাইজ নামের একটি বার্থ অপারেটর প্রতিষ্ঠান। সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শাহাদাত হোসেন সেলিম বলেন,"আগামী ২৯ আগস্ট নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভা রয়েছে। ওই সভার সিদ্ধান্ত পর্যবেক্ষণের পরই ২৫ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করবো। চট্টগ্রাম কন্টেইনার টার্মিনালে (সিসিটি) অপারেটর নিয়োগের জন্য ডাকা প্রথম দরপত্র বেআইনি ও অন্যায়ভাবে বাতিল করা হয়েছিল বলে দাবি করে সেলিম বলেন, "সর্বনিু দরদাতা হিসেবে মূল্যায়ন কমিটির তিনদফা সুপারিশের পরও আমার প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়নি।" এতে তার প্রতিষ্ঠানের বিপুল আর্থিক ক্ষতি ও সুনাম নষ্ট হয়েছে দাবি করে তিনি জানান, ক্ষতির পরিমাণ প্রায় ২৫ কোটি টাকা। সেলিম জানান, প্রতিটি কন্টেইনার ওঠা-নামার জন্য তার প্রতিষ্ঠান ৪৪৩ টাকা করে তিন বছরের জন্য ৪৫ কোটি টাকার দর প্রস্তাব দিয়েছিল। গত বছর ২০ নভেম্বর প্রথম দরপত্র বাতিল করে ডিসেম্বরে নতুন দরপত্র ডাকা হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "কোনও কারণ দর্শানো ছাড়াই মন্ত্রণালয় ক্ষমতার অপব্যবহার করে এবং পিপিআর এর ধারা অনুসরণ না করে পুরো দরপত্র প্রক্রিয়া বাতিল করে দেয়।" তিনি দাবি করেন, সাবেক উপদেষ্টা এম এ মতিন ও সাবেক সচিব মোতাহার হোসেন বিশেষ উদ্দেশ্যে তা বাতিল করেন। দেশে তখন জরুরি অবস্থা থাকায় নানা কারণে আইনগত পদক্ষেপ নিতে পারেননি বলে জানান সেলিম। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মতিন বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত 'গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা ছাড়ার দিন অনিয়মের আশ্রয় নিয়ে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ এছাক ব্রাদার্সকে পাইয়ে দেওয়ার অভিযোগে সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী মতিনের বিরুদ্ধে মামলা করার পদক্ষেপ নিচ্ছে নৌ-পরিবহন মন্ত্রণালয়। তবে সাবেক সেনা কর্মকর্তা মতিন দাবি করে আসছেন, তিনি কোনও ধরনের অনিয়মের আশ্রয় নেননি। সংবাদ সম্মেলনে সেলিম আরও জানান, সংসদীয় কমিটির তদন্তের মাধ্যমে ইতোমধ্যে দ্বিতীয় বারের দরপত্রে অনিয়মের আশ্রয় নেওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে। এ কমিটির সুপারিশ অনুযায়ী দ্বিতীয় দরপত্র বাতিল করে নতুন করে দরপত্র আহ্বানের দাবি করেন তিনি। বর্তমানে সাইফ পাওয়ারটেক অবৈধ ও অন্যায়ভাবে কাজ পরিচালনা করছে বলে অভিযোগ করে সেলিম বলেন, "এতে বন্দর কর্তৃপক্ষ ও সরকারের কোটি কোটি টাকা অপচয় হচ্ছে।" বন্দরে কর্মরত বার্থ অপারেটরদের অন্তর্বর্তীকালে সিসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, "এতে বন্দরের আর্থিক সাশ্রয় হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এজে/এসএইচ/এসকে/২০২৪ ঘ.