রাজশাহী, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুটি মামলায় ১২ বছর সাজাপ্রাপ্ত রাজশাহীর পুঠিয়া-দূর্গাপুর আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ ও জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক নাদিম মোস্তফা রোববার বিকেলে জামিনে মুক্তি পেয়েছেন।
দুপুরে বাগমারা থানার অপহরণ ও চাঁদাবাজি মামলায় তাকে জামিন দেন রাজশাহীর সিনিয়র বিচার বিভাগীয় হাকিম এবিএম মাহমুদুল হক। গত ১৭ আগস্ট নাদিমের বিরুদ্ধে মামলাটি করা হয়।
রাজশাহী কারাগারের সিনিয়র জেল সুপার টিপু সুলতান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জামিনের কাগজ পাওয়ার পর বিকেল সাড়ে ছয়টার দিকে নাদিম মোস্তফাকে মুক্তি দেওয়া হয়েছে।"
২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারির পর আত্মগোপন করেন বিএনপি নেতা নাদিম মোস্তফা। চলতি বছরের ১২ মে রাজশাহীর একটি আদালতে আত্মসমর্পণ করলে ওই দিনই তাকে কারাগারে পাঠানো হয়।
বিগত জোট সরকারের সময় সংবর্ধনা অনুষ্ঠানে সোনার মুকুট উপহার নিয়ে আলোচিত নাদিম মোস্তফার বিরুদ্ধে জঙ্গি মদদদান, ভোট কেন্দ্র দখল, মারামারি, চাঁদাবাজি এবং চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে রাজশাহী, নওগাঁ এবং নাটোরে মোট ১৪ টি মামলা হয়।
এর মধ্যে দুটি মামলায় তার ১২ বছরের সাজা হয়েছে।
নাদিমের বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে চারটি মামলা হয়। এর মধ্যে একটিতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পান। তিনটি মামলায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। বাকি দশটি মামলায় তিনি জামিন পেয়েছেন।
নাদিম মোস্তফা মুক্তি পাবেন- এ খবর পাওয়ার পর দুপুর থেকেই স্ত্রী নুরুন্নাহার পারুলসহ তার নির্বাচনী এলাকা থেকে আসা নেতা-কর্মী ও স্বজনরা কারাগারের সামনে ভিড় করেন।
কারাগার থেকে বেরিয়ে আসার পর নাদিম মোস্তফা সাংবাদিকদের বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের সময় ও পরে আমার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। দুটি মামলায় সাজাও হয়েছে। কিন্তু ওই মামলাগুলোর সবই ছিলো মিথ্যা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২২২৯ ঘ.
bdnews24