২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ি ছাড়তে খালেদাকে দেওয়া নোটিশের কার্যক্রম আরও চার মাস স্থগিত

খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়ার সরকারি নোটিশের কার্যক্রম আরও চার মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ খালেদা জিয়ার আবেদনে রোববার এ আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2009, 06:35 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়ার সরকারি নোটিশের কার্যক্রম আরও চার মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ খালেদা জিয়ার আবেদনে রোববার এ আদেশ দেয়। আদেশের পর বিএনপি চেয়ারপাসন খালেদার কৌঁসুলী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এর আগে গত ২৭ মে খালেদার বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশের কর্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছিল হাইকোর্ট। আজ (রোববার) হাইকোর্ট এ আদেশের কার্যক্রম আগামী ২৬ আগস্ট থেকে আরও চারমাসের জন্য বাড়িয়ে দিয়েছে।" নোটিশের কার্যক্রম স্থগিতে হাইকোর্টের আদেশের মেয়াদ বাড়ানোর শুনানিতে খালেদার পক্ষে অংশ নেন মাহবুবউদ্দিন। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মজিবর রহমান মিয়া। গত ২০ এপ্রিল সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর এ বাড়িটি ১৫ দিনের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে নোটিশ দিয়েছিল। ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৩ মে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন খালেদা। পর পর চারটি বেঞ্চ শুনানিতে বিব্রত হয়ে অপারগতা প্রকাশ করার পর গত ১২ মে হাইকোর্টের এই বেঞ্চ খালেদার রিটটি শুনানির জন্য গ্রহণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এমআই/১২৫০ ঘ.