২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভয়াল স্মৃতি নিয়ে ফিরে এলো ২১ আগস্ট

পাঁচ বছর আগে গ্রেনেড হামলার ভয়াবহ স্মৃতি এখনও তাড়া করছে আওয়ামী লীগ নেতা-কর্মীসহ অনেককে। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ওই হামলায় নিহত হয় অন্তত ২৪ জন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাই যে ছিল সে হামলার উদ্দেশ্য, তা পরবর্তী সময়ে জঙ্গিদের স্বীকারোক্তিতে স্পষ্ট হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2009, 06:09 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ বছর আগে গ্রেনেড হামলার ভয়াবহ স্মৃতি এখনও তাড়া করছে আওয়ামী লীগ নেতা-কর্মীসহ অনেককে। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ওই হামলায় নিহত হয় অন্তত ২৪ জন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাই যে ছিল সে হামলার উদ্দেশ্য, তা পরবর্তী সময়ে জঙ্গিদের স্বীকারোক্তিতে স্পষ্ট হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম জঘন্য এ হামলার বিচার প্রক্রিয়া শেষ হয়নি পাঁচ বছরেও। উল্টো বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বিভিন্নভাবে মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার প্রমাণও মিলেছে। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলার অধিকতর তদন্ত চলছে এখন। দিবসটি পালনে শুক্রবার আওয়ামী লীগ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে আছে বিকাল ৫টা ২০ মিনিটে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী বেদীতে শ্রদ্ধার্ঘ নিবেদন ও শহীদদের স্মরণে নীরবতা পালন। এছাড়া বিকাল সাড়ে ৫টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। সেদিনের গ্রেনেড হামলায় নিহতদের মধ্যে রাষ্ট্রপতির স্ত্রী আইভি রহমানও ছিলেন। আইভি ছিলেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। প্রধানমন্ত্রী তার বাণীতে ২১ আগস্টের ঘটনার মূল পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও হত্যাকারীদের বিচারের মাধ্যমে এ দেশ থেকে হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের চির অবসান ঘটানোর আহবান জানান। তিনি বলেন, "২১ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কালিমালিপ্ত দিন।" প্রধানমন্ত্রী বাণীতে ওই ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বঙ্গবন্ধু এভিনিউর অস্থায়ী বেদীতে শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায়ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে ২১ আগস্ট দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের জন্য দল এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন। গ্রেনেড হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। তবে গ্রেনেডের প্রচণ্ড শব্দে তার শ্রবণশক্তির গুরুতর ক্ষতি হয় যার জন্য তাকে বিদেশে চিকিৎসা নিতে হয়েছে। গ্রেনেড হামলায় আওয়ামী লীগের বেশ কয়েজন কেন্দ্রীয় নেতাও আহত হন। এর মধ্যে ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফ ওই হামলায় আহত হয়ে দীর্ঘদিন ভুগে মারা যান। কয়েক দফা তদন্ত কর্মকর্তা বদলের পর ২০০৮ সালের ১১ জুন জোট সরকারের সাবেক শিক্ষা উপমন্ত্রী ও বিএনপি নেতা আবদুস সালাম পিন্টু এবং হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। পিন্টুর ছোট ভাই হরকাতুল জিহাদ নেতা মাওলানা তাজউদ্দিন এ মামলার অন্যতম পলাতক আসামী। পিন্টু ও হান্নানসহ ১৩ জন কারাগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এলএইচ/এমআই/১২০০ ঘ.