ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, চাঁদাবাজি এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা-কর্মীদের মানববন্ধন কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।
'সাম্রাজ্যবাদ আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটির' ব্যানারে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে বিএনপির কয়েকশ' নেতা-কর্মী মানববন্ধনে অংশ নিতে মুক্তাঙ্গনে জড়ো হন। কিন্তু কর্মসূচি শুরুর আগেই পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় বলে অভিযোগ করেছেন সংগঠনের সভাপতি এম এ হাশেম রাজু।
পুলিশের লাঠিপেটায় কমপক্ষে ২০ জন নেতা-কর্মী আহত হন বলেও দাবি করেন রাজু।
তিনি বলেন, "দ্রব্যমূল্য পরিস্থিতি, ব্যাপক চাঁদাবাজি, ১/১১ এর নায়কদের গ্রেপ্তার এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আওয়ামী লীগের অপপ্রচারের প্রতিবাদে আমরা এ শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছিলাম।"
মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বিএনপি দলীয় সাংসদ গোলাম মোস্তফা, রেহানা আখতার রানু, সৈয়দা আসফিয়া আশরাফি পাপিয়া, নীলুফার চৌধুরী মনি, সাবেক সাংসদ শিরিন সুলতানা, হেলেন জেরিন খান,আবদুল গফুর ভূঁইয়া, সাবেক ছাত্র নেতা সরওয়ার আজম খান, আলী আকবর চুন্নু, ডলি খান এবং মমতাজ উদ্দিন মন্ডলসহ বিএনপি নেতা-কর্মীরা মুক্তাঙ্গনে হাজির হন। কিন্তু পুলিশের বাধার মুখে পরে তারা মিছিলসহ জাতীয় প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই কর্মসূচির কোন অনুমতিপত্র আয়োজকরা পুলিশকে দেখাতে পারেননি। এ কারণে পুলিশ তাদের চলে যেতে বললে তারা জোর করে সমাবেশের চেষ্টা চালায়। একপর্যায়ে চলে যাওয়ার সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এএনএস/এইচএ/২২৪০ ঘ.
bdnews24