২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর গাইডলাইন অনুযায়ী বিডিআর পুনর্গঠন প্রস্তাব চূড়ান্ত হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাইডলাইন অনুযায়ী বিডিআর পুনর্গঠন সংক্রান্ত প্রস্তাব চূড়ান্ত করা হবে। বুধবার বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম প্রধানমন্ত্রীর কাছে বিডিআর পুনর্গঠন সংক্রান্ত প্রস্তাব জমা দেন। ওই সময় প্রধানমন্ত্রী বিডিআর মহাপরিচালককে বেশকিছু গাইডলাইন দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2009, 12:25 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাইডলাইন অনুযায়ী বিডিআর পুনর্গঠন সংক্রান্ত প্রস্তাব চূড়ান্ত করা হবে। বুধবার বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম প্রধানমন্ত্রীর কাছে বিডিআর পুনর্গঠন সংক্রান্ত প্রস্তাব জমা দেন। ওই সময় প্রধানমন্ত্রী বিডিআর মহাপরিচালককে বেশকিছু গাইডলাইন দেন বলে তিনি টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন । মইনুল ইসলাম বলেন, "পরবর্তি সময়ে এসব 'গাইডলাইন' পুনর্গঠন প্রস্তাবে সংযোজন করে সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হবে।" তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর কাছে বিডিআর পুনর্গঠনের ব্যাপারে একটি রূপরেখা উপস্থাপন করা হয়েছে। সেখানে বিডিআরের নাম, ইউনিফর্ম পরিবর্তন, জনবল বাড়ানোসহ সার্বিক বিষয়ে বলা হয়েছে। প্রধানমন্ত্রী সব শুনে বেশ কিছু 'গাইডলাইন' দিয়েছেন। এর আগে দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে বিডিআর মহাপরিচালক প্রস্তাবটি প্রধানমন্ত্রীর কাছে পেশ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন। বিডিআর বিদ্রোহের ঘটনার পর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের এ সংক্রান্ত কর্মকাণ্ডের সমন্বয়কারী বাণিজ্য মন্ত্রী ফারুক খান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্র সচিব আবদুল সোবহান শিকদার প্রস্তাব পেশের সময় উপস্থিত ছিলেন। গত ১২ জুলাই বাণিজ্যমন্ত্রী ফারুক খান জানিয়েছিলেন, বিডিআর পুনর্গঠন সংক্রান্ত কাজ এগিয়ে যাচ্ছে এবং সরকার বিডিআরের নাম ও ইউনিফর্ম পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত করে ফেলেছে। এরও আগে ১৯ মে ফারুক খান জানিয়েছিলেন, সশস্ত্র বাহিনী, পুলিশ, র‌্যাব, সচিব, বিডিআরের সাবেক মহাপরিচালকসহ বিভিন্ন পেশাজীবির প্রায় ৬ হাজার ব্যক্তির কাছে ১৮টি প্রশ্ন পাঠানো হয়। নাম, ইউনিফর্ম, সাংগঠনিক, প্রশিক্ষণসহ আনুষঙ্গিক বিষয়ে এই সব প্রশ্নের উত্তর পাওয়া গেছে। এরমধ্যে ইংরেজী-বাংলা মিলে ১০টি নাম ও ৭/৮ ধরনের লোগোর প্রস্তাব এসেছে বলেও তিনি জানিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এলএএইচ/এসএইচ/এইচএ/১৮২০ ঘ.