ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দু'টি দুর্নীতি মামলায় জামিন দিয়ে ও মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা লিভ টু আপিল অকার্যকর বলে খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। সোমবার বিচারপতি মো. আবদুল মতিনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়।
এ মামলা দু'টিতে হাইকোর্ট গত বছর ১০ সেপ্টেম্বর বাবরের জামিন ও মামলার কার্যক্রম স্থগিত করে দিয়েছিল।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের দায়ের করা লিভ টু আপিলের ওপর শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
বাবরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম।
খুরশিদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্টের আদেশ স্থগিত করার জন্য আমরা আপিল বিভাগের চেম্বার বিচারপতির কাছে আবেদন জানিয়েছিলাম। কিন্তু চেম্বার বিচারপতি তখন হাইকোর্টের আদেশ স্থগিত করেনি। একারণে এখন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চও আমাদের লিভ টু আপিল অকার্যকর হয়ে গেছে বলে খারিজ করে দিয়েছে।"
জরুরি অবস্থার সময় অবৈধ সম্পদ অর্জন ও বসুন্ধরা গ্র"পের পরিচালক সাব্বির হত্যা মামলা ধামাচাপা দেওয়ার জন্য ২১ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে বাবরের বিরুদ্ধে দুদক মামলা দু'টি দায়ের করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/২০৩০ঘ.
bdnews24