২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজম জে চৌধুরীর মামলার বৈধতা নিয়ে হাসিনার রিট প্রত্যাহার

ব্যবসায়ী আজম জে চৌধুরীর চাঁদাবাজির মামলার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন প্রত্যাহার করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2009, 12:32 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ব্যবসায়ী আজম জে চৌধুরীর চাঁদাবাজির মামলার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন প্রত্যাহার করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার শেখ হাসিনার কৌঁসুলী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের আবেদনে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চ রিট আবেদনটি না চালানোর জন্য খারিজ করে দেন। এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ মামলাটি সরকার প্রত্যাহার করে নিয়েছে। তাই রিট আবেদনের পর জারি করা হাইকোর্টের রুল অকার্যকর হয়ে গেছে। "এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার কৌঁসুলী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস রিট আবেদনটি প্রত্যাহার করে নিয়েছেন।" ২০০৭ সালের ১৩ জুন ব্যবসায়ী আজম জে চৌধুরী প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তার ফুপাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। গত বছরের ২৮ আগস্ট হাইকোর্ট শেখ হাসিনার বিরুদ্ধে ওই চাঁদাবাজির মামলার কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না - তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করে। ২০০৭ সালের ২৪ জুলাই এ মামলায় শেখ হাসিনা, শেখ সেলিম ও শেখ রেহানার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। গত বছর ১৩ জানুয়ারি এ মামলায় মহানগর দায়রা জজ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার এজাহারে শেখ হাসিনার বোন শেখ রেহানার নাম না থাকলেও শেখ সেলিমের জবানবন্দির ভিত্তিতে তার নাম যুক্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএইচ/এসকে/১৮৩০ঘ.