ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির মাসব্যাপী সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করে চেয়ারপার্সন খালেদা জিয়া রোববার বলেছেন, সব পর্যায়ে নির্বাচনের মাধ্যমে দলের কমিটি গঠন করা হবে।
দলের অঙ্গসংগঠনগুলোকে পুনর্গঠন করা হবে বলেও উল্লেখ করেছেন তিনি।
রোববার সন্ধ্যায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন খালেদা জিয়া।
এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বর্তমান সরকারের ব্যাপক সমালোচনাও করেন।
বিএনপির সর্বশেষ সদস্য সংগ্রহ কার্যক্রম হয় ১৯৯৭ সালে। এবার প্রতি ওয়ার্ডে কমপক্ষে ১২০ জন করে প্রায় ৪৫ লাখ নতুন সদস্য সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দলটি।
নতুন সদস্য সংগ্রহ অভিযানের পাশাপাশি পুরনো সদস্যপদ নবায়নও হবে এই সময়সীমার মধ্যে।
সদস্য সংগ্রহ অনুষ্ঠানে সাইফুল ইসলাম ভূইয়া ,স্বপন কুমার দাস, সুরাইয়া আখতার জুঁই, মোহাম্মদ আবদুস সোবহান, যোগেশ চন্দ্র বড়াই, শনিরাম দাস প্রমুখ সদস্য ফরম সই করে নগদ পাঁচ টাকা দিয়ে খালেদা জিয়ার হাত থেকে প্রাথমিক সদস্য পদের রশিদ নেন।
সমবেত কয়েক হাজার নেতাকর্মীর উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়া দেশের বর্তমান অবস্থা তুলে ধরে সরকারকে লক্ষ্য করে বলেন,'' আপনারা দেশের স্বাধীনতা ও স্বার্থ বিরোধী কাজকর্ম থেকে বিরত থাকুন। নইলে বিএনপির এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে।''
বিএনপিকে 'স্বাধীনতার ঘোষক' শহীদ জিয়া ও মুক্তিযুদ্ধের দল হিসেবে অভিহিত করে তিনি বলেন,'' বিএনপি এদেশে কোনো আধিপত্য আগ্রাসী শক্তির বিস্তার হতে দেবে না। দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখব আমরা।"
আগামীতে জনগণের ব্যাপক সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করবে বলে আশাবাদ প্রকাশ করেন খালেদা।
দেশের স্বার্থের বিরুদ্ধে কর্মকাণ্ডের জন্য বর্তমান সরকারের প্রতি জনগণের বিশ্বাস ও আস্থা নেই বলে মন্তব্য করে বিএনপি প্রধান বলেন,'' এ সরকার ষড়যন্ত্র করে ক্ষমতায় বসে দেশের স্বার্থবিরোধী কাজ করছে। জনগণের কল্যাণে তারা কোনো কাজ করছে না।"
খালেদা জিয়া নতুন প্রজন্মকে উদ্দেশ্য করে বলেন,'' নির্বাচনের সময়ে তোমাদের বিভ্রান্ত করা হয়েছে। আজ এ সরকারের চেহারা তোমরা দেখতে পাচ্ছ। সারাদেশে তারা লুটপাট, সন্ত্রাস সৃষ্টি করছে।''
এ অনুষ্ঠানে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১৩৮ঘ.
bdnews24