ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণে আর তার খুনীদের ফাঁসির দাবিতে শনিবার পুরো নগরী যেন মুড়ে দেওয়া হয়েছে কালো ব্যানারে। দেওয়ালে দেওয়ালে সেঁটে দেওয়া হয়েছে 'জাতির পিতার খুনীদের ফাঁসি চাই' সম্বলিত অসংখ্য পোস্টার।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।
বঙ্গবন্ধুর ৩৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার গভীর শ্রদ্ধায় তাকে স্মরণ করছে দেশ। পাশাপাশি তার হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকরের দাবি উঠেছে জোরালোভাবে।
সরকারিভাবে পালনের পাশাপাশি আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করছে। চলছে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙালি ভোজ।
জাতীয় শোক দিবসের এদিনে রাজধানী যেন বঙ্গবন্ধুময়। প্রায় সর্বত্রই শোনা যাচ্ছে বঙ্গবন্ধুর ভাষণ।
জাতীয় শোক দিবস উপলক্ষে আগস্টের শুরু থেকেই দলীয় ব্যানারের পাশাপাশি আওয়ামী লীগ ঘরানার লোকজন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যানার আর পোস্টার টাঙাতে শুরু করেন।
এতোদিন তুলনামূলক তা কম থাকলেও শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে কেবল কালো ব্যানার আর পোস্টার।
প্রধান সড়কগুলোতে তৈরি করা হয়েছে কালো ব্যানারের তোরণ। অলি-গলিতে টাঙানো হয়েছে কালো ব্যানার ও পোস্টার।
এসব ব্যানার ও পোস্টারে বঙ্গবন্ধুকে স্মরণের পাশাপাশি দাবি জানানো হয়েছে তার হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকরের। ৩২ নম্বরের মাথায় ছাত্রলীগ বঙ্গবন্ধুর খুনীদের কুশপুত্তলিকা বানিয়ে প্রতীকী ফাঁসির রায় কার্যকর করেছে।
এদিকে দিবসটি উপলক্ষে নগরীর বিভিন্ন এলাকায় কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে।
আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল ঢাকা নগরীর কাঙালি ভোজের বিষয়ে শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এলাকা ভিত্তিক বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগত পর্যায়ে এসব কাঙালি ভোজ অনুষ্ঠিত হচ্ছে।"
দিবসটি উপলক্ষে নগরীর বিভিন্ন এলাকায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও পালন করছে বিভিন্ন সংগঠন।
সরকারি এ ছুটির দিনে বিভিন্ন সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। উত্তোলন করা হয়েছে কালো পতাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/জিএমএ/এজে/১৬০০ ঘ.
bdnews24