ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র দলকে আগামীতে জনপ্রিয় সংগঠন হিসেবে গড়ে তোলার জন্য ছাত্র নেতাদের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
বুধবার রাতে জাতীয়তাবাদী ছাত্র দলের মহানগর উত্তরের আহবায়ক কমিটির নেতা-কর্মীরা গুলশানের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহবান জানান।
তিনি বলেন, ''মেধাবী ছাত্রদের নিয়ে দেশের মানুষের কাছে জনপ্রিয় সংগঠন গড়ে তুলতে হবে। তোমাদের শিক্ষিত ও আদর্শবান হতে হবে। ছাত্র সংগঠন থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজির অবসান ঘটাতে একযোগে কাজ করতে হবে।''
বিএনপি চেয়ারপার্সন দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে ছাত্রদের উদ্দেশে বলেন, ''পড়াশুনার পাশাপাশি দেশের জন্য তোমাদের কাজ করতে হবে। সুনাগরিক হিসেবে নীতি-আদর্শ নিয়ে ছাত্র দলকে সামনের দিকে এগিয়ে নিতে হবে তোমাদেরই। ''
শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে ছাত্র দলকে মিলে-মিশে কাজ করার পরামর্শ দেন তিনি।
খালেদা জিয়া ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদলকে একটি সময়পোযোগী অগ্রসরমান সংগঠনে পরিণত করতে দলের প্রতিটি নেতা-কর্মীকে পড়াশুনা ও মেধার চর্চায় মনোনিবেশ করার আহবান জানিয়ে বলেন, ''জিয়াউর রহমান প্রতিষ্ঠিত এ ছাত্র সংগঠনকে তার আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবে। এজন্য চাই শিক্ষিত হয়ে নিজেকে গড়ে তোলা। তোমাদের এরকম উদ্যোগের সঙ্গে আমার যেমন সমর্থন থাকবে, তারেক রহমানও তোমাদের সঙ্গে থাকবে।''
বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্র দল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম,মহানগর উত্তর শাখার আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম রবীন ও শাহ আলম চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩১০ ঘ.
bdnews24