ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিন্দু সম্প্রদায়ের বিয়ে ও উত্তরাধিকার আইন পরিবর্তনের পক্ষে বললেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
হিন্দু সম্প্রদায়ের আপত্তি না থাকলে সরকার 'হিন্দু উত্তরাধিকার আইন' বিশেষত 'হিন্দু বিবাহ নিবন্ধন আইন' প্রণয়ণ করবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার রাজধানীতে এক সেমিনারে আইনমন্ত্রী বলেন, "বিভিন্ন সময় অভিযোগ এসেছে, দীর্ঘদিন সংসার করার পর অনেক হিন্দু স্বামী তার স্ত্রীকে মর্যাদা দিতে অস্বীকার করেন। এক্ষেত্রে নিজেকে তার স্ত্রী হিসেবে প্রমাণ করার কোনো পথও থাকে না সে নারীর।
"একইভাবে বিদেশে যাওয়ার ক্ষেত্রেও হিন্দু স্বামী বা স্ত্রী তাদের বিয়ের কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেন না। এসব দিক বিবেচনা করে অনেক নারী অধিকার সংগঠন এ বিষয়ে আইন প্রণয়ণের জন্য অনুরোধ জানিয়ে আসছে।"
"বিষয়টি ধর্মীয় সম্পকর্যুক্ত। এ বিষয়ে যদি আপত্তি না থাকে তবে সরকার 'হিন্দু বিবাহ নিবন্ধন আইন' প্রণয়নের উদ্যোগ নেবে", বলেন শফিক আহমেদ।
নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম আয়োজিত 'একসেস টু জাস্টিস ফর ভিকটিম অব জেন্ডার বেসড ভায়োলেন্স' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ভারতের কথা উল্লেখ করে শফিক বলেন, "কেউ কেউ মন্তব্য করেন, 'হিন্দু বিবাহ নিবন্ধন আইন' হলে তাদের ধর্মীয় অনুভূতিতে তা আঘাত করবে। কিন্তু ১৯৫৬ সাল থেকে ভারতে এ আইন কার্যকর হয়েছে। ফলে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়।"
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব রোকেয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে আরও বক্তব্য রাখেন ডেনমার্কের রাষ্ট্রদূত আইনার হেবোগাড ইয়াংসন, নারী নেত্রী মালেকা বেগম, মহিলা আইনজীবী সমিতির তৌহিদা খন্দকার, নারীপক্ষের রিতা দাস প্রমুখ। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/এমআই/১৭১৭ ঘ.
bdnews24