ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য গণতান্ত্রিক সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার মূল বিষয় নয়, ভোটারদের নিরাপত্তাই গুরুত্বপূর্ণ। এমনটাই মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা না থাকার বিষয়টি রাজনৈতিক জানিয়ে সিইসি বলেছেন, এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে মতামত চাওয়া হলে তারা তা দিতে পারেন।
আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা সম্প্রতি তাদের বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দেওয়ার পক্ষে মত প্রকাশ করেন।
এর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে সিইসি বুধবার সাংবাদিকদের বলেন, "সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের সহায়তা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত রাখাই আমাদের (ইসি) কাছে মুখ্য বিষয়।"
তার মতে, নির্বিঘ্নে ভোটদান ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে পারলে যে কোনও ব্যবস্থাতেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সমস্যা হবে না।
তবে একইসঙ্গে শামসুল হুদা বলেন, "অতীতে আমরা দেখেছি, রাজনৈতিক সরকারের সময় ভোটাররা ভোটদানে নিরাপত্তাহীনতায় ভোগে থাকে। তবে তত্ত্বাবধায়ক সরকারের সময় এর ব্যতিক্রম ঘটে।"
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, "বিষয়টি রাজনৈতিক ও সরকারের। আমাদের কাছে কোনও বক্তব্য চাইলে মতামত তুলে ধরা হবে।"
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক কর্মশালা উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে সিইসির কথা হয়।
গত ২৮ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করতে সাংসদদের প্রতি আহবান জানান। এছাড়া জাতীয় পার্টির এইচএম এরশাদসহ কয়েজন সাংসদও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির প্রস্তাব করেন।
ওই সময় সাজেদা চৌধুরী বলেন, "নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হলে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই।"
রাজনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে ১৯৯৬ সালে দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়। ওই সময় আওয়ামী লীগ এর জোরালো সমর্থক ছিল। আপত্তি ছিল বিএনপির। তবে এখন পরিস্থিতি তার উল্টো।
নির্বাচন কমিশনে সদস্য সংখ্যা ও যোগ্যতা-অযোগ্যতা নির্ধারণ করতে নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত প্রস্তাব ইসির পক্ষ থেকে সরকারের কাছে পাঠানো হবে বলে জানান সিইসি।
তিনি বলেন, জনবল ঘাটতি পূরণ করে, ডাটাবেইজসহ সারাদেশে নিজস্ব স্থাপনা তৈরি করে নির্বাচন কমিশনকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করা হচ্ছে। বর্তমান কমিশনের বাকি মেয়াদে আরও কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ইসির কাজে কোনও হস্তক্ষেপ করছে না বলে জানান সিইসি।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'নাইনথ পার্লামেন্ট ইলেকশন: অ্যা ক্রিটিক্যাল অ্যাপ্রাইজাল' শীর্ষক দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে ইসি সচিবালয়ের 'সাপোর্ট দ্য ইলেকটোরাল প্রসেস ইন বাংলাদেশ' প্রকল্প।
কর্মশালায় নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন, ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়েন বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন ইসি সচিব মুহম্মদ হুমায়ুন কবির।
নবম সংসদ নির্বাচনের জাতীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা, বিশেষজ্ঞ, বিদেশি রাষ্ট্রদূত ও হাই কমিশনের প্রতিনিধিসহ ইসি'র কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন।
নবম সংসদ নির্বাচনের বিষয়ে কর্মশালায় সিইসি বলেন, "ভালো একটি নির্বাচন করেই ইসি বসে নেই। আগামী নির্বাচন কীভাবে আরও গ্রহণযোগ্য করা যায়, সে বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা, নির্বাচনী আইনের সংস্কার, ভোটার তালিকা হালনাগাদসহ নানা ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে।"
নির্বাচন নিয়ে সংশ্লিষ্টদের মূল্যায়ন ও মতামত নিয়ে নির্বাচন কমিশন আগামীতে আরও এগিয়ে যাবে বলে জানান তিনি।
এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের ৫ বছরের মেয়াদের ইতোমধ্যে অর্ধেক শেষ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৩৫৫ ঘ.
bdnews24