ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--কোনো 'প্র্রকৌশলী বা গম চোরের' তার সদস্যপদ খারিজ করার এখতিয়ার নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী।
তার সংসদ সদস্যপদ খারিজ নিয়ে নির্বাচন কমিশনের উদ্যোগকে 'অসাংবিধানিক' অভিহিত করেন চট্টগ্রামের এ সাংসদ।
বুধবার বিকালে মহাখালীতে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে এক সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করার কথাও জানিয়েছেন তিনি। (বিস্তারিত)
সদস্যপদ খারিজের সম্ভাবনার বিষয়ে অনমনীয় মনোভাব বজায় রেখে চট্টগ্রাম-২ আসনের এ সাংসদ বলেন,'' কোনো প্রধান প্রকৌশলী কিংবা গম চোরদের আমার সদস্যপদ খারিজ করার এখতিয়ার নেই। আমার সদস্যপদ খারিজ করবে চট্টগ্রাম-২ নির্বাচন এলাকার নির্বাচনকমণ্ডলী।''
সালাহউদ্দিন কাদের চৌধুরী নির্বাচন কমিশনের বিরুদ্ধে গত সংসদ নির্বাচনকে কলুষিত করার অভিযোগ করেন।
'' তিন নির্বাচন প্রকৌশলী যারা ১/১১ এর ঘটনা প্রবাহে দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চেয়েছেন, তারা নির্বাচনকেও কলুষিত করেছেন। আমার আসন খারিজ করা নিয়ে তাদের উদ্যোগে আমি উদ্বিগ্ন নই। যারা বিএনপিকে ২০০ আসন থেকে নামিয়ে ২৭ আসনে ঠাঁই দিতে পেরেছেন, সেক্ষেত্রে আমার বেলাও তারা যে কিছু করতে পারেন, তাতে অবাক হওয়ার কিছু নেই,'' বলেন সাকা চৌধুরী।
কমিশন সদস্যপদ খারিজের দিকে এগুলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা ও দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে মামলা করার ইঙ্গিত দিয়ে তিনি বলেন,'' নির্বাচনের প্রধান প্রকৌশলীসহ অপর দুই প্রকৌশলীকে হাইকোর্টের বারান্দায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করব আমি। ''
নির্বাচন কমিশনে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়া ও আদালতের নির্দেশনা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার সনদ রিটার্নিং অফিসারের কাছে জমা না দেওয়ায় সালাউদ্দিন কাদের চৌধুরীর সংসদ সদস্যপদ বাতিল হতে পারে।
নির্বাচন অনুষ্ঠানে বিলম্বের জন্য সিইসিকে দায়ী করে সাকা চৌধুরী তার বিরুদ্ধে পাল্টা সংবিধান লঙ্ঘনের অভিযোগ করেন।
সালাউদ্দিন কাদের চৌধুরীর সদস্যপদ বাতিল বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা মঙ্গলবার বলেন, "তার কাছে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র চাওয়া হয়েছিল। কথা দিয়েও তিনি আজ পর্যন্ত তা জমা দেননি। এখনও সময় আছে। সাকা চৌধুরী যখন আসবেন তখনই বিষয়টির সমাধান হয়ে যাবে।"
সনদপত্র জমা না দিলে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, "খুব শিগগিরই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।"
সাকা চৌধুরী নবম সংসদ নির্বাচনের আগে ইসির কাছে দেওয়া হলফনামায় শিক্ষাগত যোগ্যতা 'নাই' উল্লেখ করেন। আবার পরে সনদ জমা দেওয়ার প্রতিশ্র"তি দিয়েও তা জমা দেন নি।
ইসি বলেছে, এ কারণে নির্বাচনী আইন অনুযায়ী সালাহউদ্দিন কাদের চৌধুরী সাংসদ থাকার যোগ্যতা হারিয়েছেন।
সালাহউদ্দিন কাদের চৌধুরী সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ ও তখনকার সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদসহ ১২ জনের বিরুদ্ধে সরকারকে রাষ্ট্রদ্রোহ মামলা করার নির্দেশ দিতে চলতি সপ্তাহে হাইকোর্টে একটি রিট আবেদন করার কথা উল্লেখ করে সাংবাদিকদের বলেন,'' প্রস্তুতি প্রায় শেষ। আমি হাইকোর্টে নির্দেশনা চাইব। দলমত নির্বিশেষে রাজনীতিবিদদের কাছেও এ মামলায় সহযোগিতা চাই।''
মার্কিন রাষ্ট্রদূতকে সাধুবাদ
এদিকে ১/১১ এর ঘটনার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির দেওয়া মঙ্গলবারের বক্তব্যে তাকে সাধুবাদ জানিয়ে সাকা চৌধুরী বলেন,'' দেরি হলেও যুক্তরাষ্ট্র ও তার রাষ্ট্রদূত বুঝতে পেরেছেন, ১/১১ এর ঘটনা প্রবাহকে বাংলাদেশের মানুষ গ্রহণ করেনি। তাই এখন তারা সমস্বরে বলছেন, আমরা ওই ঘটনার সঙ্গে জড়িত নই।''
সাকা চৌধুরী তাদেরকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহবান জানান।
মরিয়ার্টি মঙ্গলবার কুড়িগ্রামে এক অনুষ্ঠানে বলেন,'' ১/১১ ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রসহ অন্য বিদেশী কূটনীতিকরা জড়িত ছিলেন না।''
২০০৭ সালে দেশে বিদ্যমান গোলযোগের প্রেক্ষাপটে জরুরি অবস্থা জারি ও সেনা সমর্থিত নতুন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পেছনে প্রভাবশালী ক ূটনীতিক, জাতিসংঘ ও দাতাসংস্থার চাপ বা সমর্থন কাজ করেছে বলে ব্যাপকভাবে মনে করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০০৪ঘ.
bdnews24