সিলেট, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট নগরীর মদনমোহন কলেজে শনিবার দুপুরে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের নেতাকর্মীদৈর সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
আহতদের সবাই কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মী। এদের মধ্যে আছেন- সভাপতি অরুণ দেবনাথ সাগর, কলেজ কমিটির নেতা আব্দুর রহমান, কর্মী হাসান, শাহীন, রনি।
এর মধ্যে অরুণ, আব্দুর রহমান ও হাসানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী কলেজ প্রশাসনের কর্মকর্তা শাহরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষের পরপরই কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
তিনি জানান, দুপুরের আগে ছাত্রলীগ কর্মী হাসানের সঙ্গে শিবিরের এক কর্মীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শিবিরের নেতাকর্মীকে তাকে মারধর করে। এ নিয়ে দুপুর ১২টার দিকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দুপুর ১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুপক্ষই কলেজের আসবাব ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
শাহরুল ইসলাম জানান, এ ঘটনায় শনিবার কলেজের সকল ক্লাস তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়। কলেজ কর্তৃপক্ষ অধ্যাপক ফজলুল হককে প্রধান করে একটি কমিটি করেছে। কমিটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলবেন, যাতে ভবিষ্যতে ক্যাম্পাসে এ ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ছাত্রলীগ মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৬ ঘ.
bdnews24