ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে এক সপ্তাহের মধ্যে মামলার নথিপত্র আপিল বিভাগে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
শনিবার রাজধানীর ব্রাক ইনে একটি অনুষ্ঠানের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
অ্যাটর্নি জেনারেল বলেন, "বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল নিষ্পত্তির জন্য এ সপ্তাহেই নথিপত্র জমা দেওয়া হবে। মামলায় সরকার পক্ষের বিশেষ কৌঁসুলি পদক্ষেপ নিলেই এ মামলার আপিল শুনানি শুরু করা সম্ভব।"
আনিসুল হক চৌধুরী এ মামলার বিশেষ কৌঁসুলির দায়িত্ব পালন করছেন।
মাহবুবে আলম বলেন, "নতুন বিচারপতি নিয়োগ হয়েছে। প্রধান বিচারপতি এখন বেঞ্চ গঠন করে দিলেই এর শুনানি শুরু হবে।"
৩৩ বছর আগে সংঘটিত বন্ধবন্ধু হত্যা মামলার বিচার এখনও চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়নি। প্রয়োজনীয় সংখ্যক বিচারপতির অভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির নিয়মিত আপিলের শুনানি সুপ্রিম কোর্টে বিচারাধীন এক বছরের বেশি সময়।
নিয়ম অনুযায়ী, আপিল বিভাগের তিনজন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ কোনও আবেদন শুনানির জন্য গ্রহণ করতে পারে। কিন্তু সুপ্রিম কোর্টের প্রচলিত বিধান অনুযায়ী, হাইকোর্টে যে বিচারপতি মামলার শুনানি নিয়েছেন, ওই বিচারপতি আপিল বিভাগে নিয়োগ পেলে ওই মামলার শুনানি নিতে পারেন না। ফলে বঙ্গবন্ধু হত্যা মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি ঝুলে থাকে।
তবে গত ১৪ জুলাই সরকার নতুন চারজন বিচারপতি নিয়োগ দেওয়ায় আপিল বিভাগে বিচারপতির সংখ্যা ১১ জনে দাঁড়িয়েছে।
আইনমন্ত্রী শফিক আহমদ এর আগে বলেছিলেন, আপিল বিভাগে বিচারপতি নিয়োগের পর সব আনুষ্ঠানিকতা শেষ করে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারাধীন আপিল দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে বলা হবে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২০ জনকে আসামি করে মামলা হয়।
১৯৯৮ সালের ৮ নভেম্বর বিচারিক আদালত ওই মামলার রায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন।
২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি সুপ্রিম কোর্টে আপিল করে।
বর্তমানে কারাবন্দি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, অবসরপ্রাপ্ত লেপটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা ও ল্যান্সার এ কে এম মহিউদ্দিন আহমেদ।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অবসরপ্রাপ্ত কর্নেল শরিফুল হক ডালিম ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রশিদসহ বাকিরা পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/এমআই/১৫৩৫ ঘ.
bdnews24