২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোন আমার রংপুরে গ্যাস চাই, হাসিনাকে এরশাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোন সম্বোধন করে রংপুরে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবি জানিয়েছেন ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2009, 08:20 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

রংপুর, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোন সম্বোধন করে রংপুরে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবি জানিয়েছেন ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। শেখ হাসিনা যে রংপুরের পূত্রবধূ এ কথা আবার স্মরণ করিয়ে রংপুর বিভাগ ঘোষণাসহ মঙ্গা এলাকা বলে পরিচিত ওই অঞ্চলের উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাপা চেয়ারম্যান। এরশাদ বৃহস্পতিবার সকালে রংপুরের শালবন এলাকায় আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজে তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। রংপুরের সাংসদ এরশাদ বলেন, "আমরা রংপুরের মানুষ রিলিফ চাই না, মঙ্গা এলাকার মানুষ বলে পরিচিত হতে চাই না; কাজ করে বাঁচতে চাই।" আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার উদ্দেশে এরশাদ বলেন, "আপনি রংপুরের পুত্রবধূ, আমার ছোট বোন। রংপুরবাসীর দুটো দাবি- পাইপ লাইন স্থাপন করে গ্যাস সরবরাহ আর রংপুর বিভাগের কার্যক্রম চালু করা।" তিনি বলেন, "রংপুরে গ্যাস সরবরাহ করা হলে এলাকার উন্নয়ন হবে এবং মানুষ আর রংপুরকে মঙ্গা কবলিত এলাকা বলতে পারবে না। হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। "অনেক শিল্প উদ্যোক্তার সঙ্গে কথা হয়েছে। গ্যাস সরবরাহ শুরু হলে তারা এখানে শিল্প কারখানা স্থাপন করবে বলে আমাকে জানিয়েছেন।" এরশাদ একইসঙ্গে জানান, রংপুর বিভাগ ঘোষণা ও গ্যাস সরবরাহের বিষয়ে প্রধানমন্ত্রী তাকে আশ্বাস দিয়েছেন। জাতীয় পার্টি চেয়ারম্যান আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নে ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। কলেজ কর্তৃপক্ষ এমপিওভুক্তির দাবি জানালে এরশাদ তা বাস্তবায়নে সহায়তার আশ্বাস দেন। রংপুর চেম্বার অব কর্মাসের সভাপতি শাহনেওয়াজ বাবলুর সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা মোস্তফা আজাদ চৌধুরী বাবু, মোছাদ্দেক হোসেন বাবলু, কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল প্রমুখ । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪৩০ ঘ.