সিলেট, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী ব্যয়ের হিসাব যথাসময়ে না দেওয়ায় সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে।
সিলেট কোতোয়ালি থানায় শুক্রবার মামলাটি দায়ের করেন সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা শামসুল আলম।
একই অভিযোগে একই মামলায় আসামি করা হয়েছে নবম জাতীয় সংসদ নির্বাচনের আরও আট প্রার্থীকে।
সাইফুর সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী ছিলেন।
অপর আসামিরা হলেন- সিলেট-১ আসনের প্রার্থী বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী কাহির মাহমুদ মুন্না ও স্বতন্ত্র প্রার্থী মাওলানা জালাল উদ্দীন আল কাদরী, সিলেট-২ আসনের বিকল্প ধারার প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক, সিলেট-৪ আসনের বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী হেলাল উদ্দীন, সিলেট-৫ আসনের জমিয়তে ওলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক, কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী ডা. অলিউর রহমান নাসিম ও স্বতন্ত্র প্রার্থী কুতুব উদ্দীন আহমদ শিকদার।
শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচনী ব্যয়ের হিসাব দিতে এ ৯ প্রার্থীকে দু'দফা চিঠি পাঠানো হয়।
গত ৩১ জানুয়ারি ছিল সংসদ নির্বাচনের ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ দিন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, এর পর ছয় মাসের মধ্যে মামলা দায়েরের বিধান রয়েছে।
"সে বিধান অনুযায়ী মামলাটি করা হয়েছে", বলেন শামসুল।
সিলেট বিভাগের উপ-নির্বাচন কমিশনার খন্দকার মিজানুর রহমান জানান, নির্বাচন কমিশনের নির্দেশে এ মামলাটি করা হয়েছে। পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, "নির্বাচন কর্মকর্তা বাদি হয়ে নয় জনকে আসামি করে মামলা করেছেন। শিগগিরই তদন্ত শুরু হবে।"
নির্বাচনের হিসাব যথাসময়ে না দেওয়ায় ইতোমধ্যে ঢাকায় ১৯ জনের বিরুদ্ধে ঢাকার বিভাগীয় কমিশনার বাদি হয়ে মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫৪০ ঘ.