২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক উপদেষ্টা মতিনের বিরুদ্ধে মামলার সুপারিশ

বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম এ মতিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া সাবেক নৌসচিব শেখ মোতাহার হোসেনসহ আটজনের বিরুদ্ধে মামলা ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছে কমিটি। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2009, 06:11 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

কামরান রেজা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম এ মতিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া সাবেক নৌসচিব শেখ মোতাহার হোসেনসহ আটজনের বিরুদ্ধে মামলা ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছে কমিটি। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ব্যবস্থাপনার কাজ বরাদ্দে অনিয়মের অভিযোগে নৌ পরিবহণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি বৃহস্পতিবার এ সুপারিশ করেছে। কমিটি ওই দরপত্র পুনরায় আহ্বানেরও সুপারিশ করেছে। তবে এক্ষেত্রে মতিনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান নূর ই আলম চৌধুরী লিটন। এ বিষয়ে মতিনের প্রতিক্রিয়া পাওয়া না গেলেও তিনি অনিয়মের অভিযোগ অস্বীকার করে ইতোপূর্বে সংবাদ সম্মেলন করেছিলেন। সংসদীয় কমিটি মামলাসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য নৌমন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে। মতিন ও মোতাহার হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে মামলা করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বাকিদের বিরুদ্ধে রাষ্ট্রের আর্থিক ক্ষতির অভিযোগে মামলা এবং কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। মতিনের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ব্যবস্থাপনার কাজ বরাদ্দে অনিয়ম তদন্তে একটি উপ কমিটি করে সংসদীয় কমিটি। উপ কমিটি বৃহস্পতিবার তাদের প্রতিবেদন জমা দেয়। সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময়ে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্ব অনিয়মের মাধ্যমে ইসাহাক ব্রাদার্সকে দেওয়া হয়। সংসদীয় কমিটি বলছে, অনিয়মের মাধ্যমে ওই কাজ ইসাহাক ব্রাদার্সকে দেওয়া হয়। কমিটির চেয়ারম্যান নূর ই আলম চৌধুরী লিটন সাংবাদিকদের জানান, সাব কমিটি সাবেক উপদেষ্টা মতিন, সাবেক নৌসচিব শেখ মোতাহার হোসেনসহ নয়জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রমাণ পেয়েছে। কমিটি বলছে, ইসাহাক ব্রাদার্সকে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে সরকারি নীতিমালা মানা হয়নি। নিয়ম অনুযায়ী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সভাও ডাকা হয়নি। তবে মতিন ঘুষ নিয়ে ইসাহাক ব্রাদার্সকে কাজ দিয়েছেন, এমন অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি বলে নূর ই আলম জানান। তিনি জানান, উপদেষ্টা মতিন এবং সচিব মোতাহারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে মামলা দায়েরের জন্য নৌ মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আর্থিক মামলাও করা যেতে পারে। এছাড়া যে সব কর্মকর্তা অনিয়মে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে। কমিটির বৈঠকে সর্বসম্মতভাবে এ সুপারিশ চূড়ান্ত হয় বলে নূর ই আলম জানান। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মতিন ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। মতিনের দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত সংসদীয় কমিটি আত্মপক্ষ সমর্থনে তাকে ডাকেনি। উপ কমিটির চেয়ারম্যান শাহ আলম রোববার সাংবাদিকদের বলেন, "এম এ মতিনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের প্রমাণসংবলিত পর্যাপ্ত নথিপত্র আমাদের হাতে আছে। তাই আত্মপক্ষ সমর্থনের জন্য তাকে আমরা তলব করব না।" মতিনের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে গত ২৭ মে শাহ আলমের নেতৃত্বে চার সদস্যের উপ কমিটি গঠন করা হয়। সাবেক উপদেষ্টার মধ্যে মতিনই প্রথম যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আমলে নেয় সংসদীয় কমিটি। তবে পরে আরেক সাবেক উপদেষ্টা মইনুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/এমআই/১৯৪৫ ঘ.