২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ কমিটি: কঠিন মূল্য গুণলেন মহারথীরা

কাউন্সিলের পাঁচ দিন পর কমিটি ঘোষণা করেছে আওয়ামী লীগ। ১৫ সদস্যের সভাপতিমণ্ডলী থেকে বাদ পড়েছেন আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত ও আব্দুল জলিল। তাদের রাখা হয়েছে ২০ সদস্যের উপদেষ্টা পরিষদে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2009, 01:03 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাউন্সিলের পাঁচদিন পর ঘোষিত কমিটিতে নির্বাহী পদ থেকে বাদ পড়লেন আওয়ামী লীগের দীর্ঘদিনের প্রভাবশালী নেতা হিসেবে সুপরিচিত অনেক মুখ। চমক জাগানো মন্ত্রিপরিষদের মতো ক্ষমতাসীন দলের কমিটিতেও গুরুত্বপূর্ণ পদে স্থান পাননি দলটির নীতি নির্ধারক পর্যায়ের অনেক প্রবীণ নেতা। বিপরীতে যোগ হয়েছে কয়েকটি নতুন মুখ। বাদ পড়ারা মূলত গত তত্ত্বাবধায়ক সরকারের আমলের আলোচিত 'সংস্কারপন্থী' কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। দলের নীতি নির্ধারণী সভাপতিমণ্ডলী থেকে বাদ পড়েছেন আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত ও আব্দুল জলিল। তাদের একেবারে বাদ না দিয়ে রাখা হয়েছে ২০ সদস্যের ক্ষমতাহীন উপদেষ্টা পরিষদে। এছাড়া বাদ পড়েছেন সাবের হোসেন চৌধুরীসহ আগের কমিটির সব সাংগঠনিক সম্পাদকও। দৃশ্যত জরুরি অবস্থার দুই বছরে সভানেত্রী শেখ হাসিনাকে বাদ দিয়ে দলে 'সংস্কার' আনার ব্যাপারে উৎসাহীরা এর মধ্য দিয়ে এক প্রকার কঠিন মূল্যই দিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এ কমিটি ঘোষণা করেন। এর আগে গত ২৪ জুলাই দলীয় কাউন্সিলে আওয়ামী লীগের আগের কমিটি ভেঙে দেওয়া হয়। ওইদিনই শেখ হাসিনাকে সভানেত্রী ও সৈয়দ আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কাউন্সিল সভানেত্রীকে দায়িত্ব দেয়। সৈয়দ আশরাফ জানিয়েছেন, গত কয়েকদিনে অনেক কাউন্সিলরের সঙ্গে আলোচনা করেই দলীয় সভানেত্রী শেখ হাসিনা এ কমিটি গঠন করেছেন। নতুন কমিটির সভাপতিমণ্ডলীতে যোগ হয়েছেন- ইউসুফ হোসেন হুমায়ুন, রাজিউদ্দিন আহমেদ রাজু, লতিফ সিদ্দিকী, সাহারা খাতুন, ওবায়দুল কাদের ও সতীশ চন্দ্র রায়। বহাল থাকছেন- সৈয়দা জোহরা তাজউদ্দিন, সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মহীউদ্দীন খান আলমগীর, কাজী জাফরউলআহ, মতিয়া চৌধুরী ও আতাউর রহমান খান কায়সার। এছাড়া দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম পদাধিকার বলেই থাকছেন সভাপতিমণ্ডলীতে। অন্যদিকে, নতুন সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন- জাহাঙ্গীর কবির নানক, আহমেদ হোসেন, মিসবাহউদ্দিন সিরাজ, বিএম মোজাম্মেল হক , আফম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও খালিদ মাহমুদ চৌধুরী। যুগ্ম সম্পাদক হিসেবে মাহবুবুল আলম ও ডা. দীপু মনির নাম প্রকাশ করা হয়েছে। তবে যুগ্ম সম্পাদকের একটি পদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং নির্বাহী সদস্য পদে কারো নাম এদিন ঘোষণা করা হয়নি। সৈয়দ আশরাফ সংবাদ সম্মেলনে বলেন, সভাপতিমণ্ডলীর বৈঠকে পরামর্শ করে সাধারণত সদস্যদের নাম স্থির করা হয়। সম্পাদকদের মধ্যে রয়েছেন- আহম মোস্তফা কামাল (অর্থ পরিকল্পনা), সৈয়দ আবুল হোসেন (আন্তর্জাতিক ), আবদুল মতিন খসরু (আইন), ড. আবদুর রাজ্জাক (কৃষি ও সমবায়), নূরুল ইসলাম নাহিদ (শিক্ষা ও মানব সম্পদ), ফারুক খান (শিল্প ও বাণিজ্য), হাবিবুর রহমান সিরাজ (শ্রম) , ফরিদুন্নাহার লাইলী (ত্রাণ ও সমাজ কল্যাণ), আবদুল মান্নান খান (দপ্তর), শেখ মোহাম্মদ আবদুল্লাহ (ধর্ম), নূহ-উল-আলম লেনিন (প্রচার ও প্রকাশনা), ডা. হাছান মাহমুদ (বন ও পরিবেশ), ইয়াফেস ওসমান (বিজ্ঞান ও প্রযুক্তি), ফজিলাতুন্নেছা ইন্দিরা (মহিলা বিষয়ক), এ বি তাজুল ইসলাম (মুক্তিযোদ্ধা বিষয়ক), এ এইচএন আশিকুর রহমান (কোষাধ্যক্ষ), দেওয়ান শফিউল আরেফীন টুটুল (যুব ও ক্রীড়া), আসাদুজ্জামান নূর (সংস্কৃতি) এবং ডা বদিউজ্জামান ভূইয়া (স্বাস্থ্য ও জনসংখ্যা)। উপ দপ্তর সম্পাদক ও উপ প্রচার সম্পাদক হয়েছেন যথাক্রমে মৃণাল কান্তি দাস এবং অসীম কুমার উকিল। ২০ সদস্যের উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা হলেন- ডা. এস এ মালেক, আবুল মাল আবদুল মুহিত, এইচটি ইমাম, কে এম শফিউল্লাহ, দেওয়ান ফরিদ গাজী, রহমত আলী, অধ্যাপক আব্দুল খালেক, অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, অধ্যাপক আলাউদ্দিন আহমেদ, এম এ মান্নান, অধ্যাপক আবদুল মান্নান, কাজী আকরাম উদ্দিন, এসএম নূরুন্নবী, রেজাউর রহমান ও ড. মশিউর রহমান। জরুরি অবস্থার মধ্যে ২০০৭ সালের ৩০ জুন প্রতিটি স্তরে গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের প্রস্তাব করেন জ্যেষ্ঠ নেতা আব্দুর রাজ্জাক। তিনি ওই সময় একই ব্যক্তিকে পরপর দুই মেয়াদে দলের সভাপতি বা সাধারণ সম্পাদক না করারও প্রস্তাব করেছিলেন। দৃশ্যত তার প্রস্তাবে দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে সভানেত্রীর পদ থেকে বাদ দেওয়ার ইঙ্গিত করা হয়। এরপর একে একে সুরঞ্জিত সেনগুপ্ত, তোফায়েল ও আমির হোসেন আমুও দলে সংস্কার আনার বিষয়ে গুরুত্বারোপ করে অভিমত দেন। আরেক প্রধান দল বিএনপিতেও এসময়কালে কথিত সংস্কার প্রস্তাবকে কেন্দ্র করে নানা তোলপাড় ঘটে। এ উদ্যোগের পেছনে তত্ত্বাবধায়ক সরকারের সমর্থন ছিল বলে পর্যবেক্ষকদের অনেকে মনে করে থাকেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএম/এএল/এসকে/২২৪৫ঘ.