ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে বিশ্ব সম্প্রদায়ের কাছে তথ্য প্রমাণ ও দলিল পত্র চেয়েছে সরকার।
বিচার প্রক্রিয়া আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করতেই এ আহ্বান রাখা হয়েছে বলে জানালেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নিয়ে ইতোমধ্যে এ সংক্রান্ত আইন সংশোধন করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকার। এটি তাদের নির্বাচনী প্রতিশ্র"তি ছিল।
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, "৩৮ বছর আগের অপরাধের বিচার স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও দলিল-দস্তাবেজ আমাদের প্রয়োজন। এগুলো পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে।"
মুক্তিযুদ্ধ জাদুঘর 'গণহত্যা: সত্য ও ন্যায়বিচার' শীর্ষক ওই দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করেছে।
যুদ্ধাপরাধীদের বিচারে প্রয়োজনীয় তথ্য প্রমাণ সরকারের কাছে রয়েছে কিনা- অনুষ্ঠান শেষে জানতে চাওয়া হলে আইনমন্ত্রী বলেন, "আমাদের কাছেও তথ্য প্রমাণ আছে। তবে বিচার প্রক্রিয়া আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ও স্বচ্ছ হয় এবং তা নিয়ে যেন প্রশ্ন না ওঠে, সে জন্যই আমরা এ আহ্বান করেছি।"
হিউমেন রাইটস ওয়াচসহ কয়েকটি মানবাধিকার সংগঠন যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক মান রক্ষার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
সম্মেলনে শফিক আহমেদ বলেন, "একাত্তরে যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে তাদের বিচার আন্তর্জাতিক আইনে করার জন্যই আমরা 'আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) অ্যাক্ট-১৯৭৩' সংশোধন করেছি। তাদের বিচার এ আইনেই করা হবে।"
তিনি বলেন, "৩৮ বছর আগের বিচার কাজ শেষ করাটা কঠিন। এ জন্য দক্ষ, অভিজ্ঞ ও সৎ ব্যক্তিদের নিয়ে আমরা ইনভেস্টিগেশন এজেন্সি, প্রসিকিউশন ও ট্রাইব্যুনাল গঠন করব।
"ইনভেস্টিগেশন এজিন্সিতে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে। তেমনিভাবে প্রসিকিউশনে এমন আইন কর্মকর্তা নিয়োগের প্রস্তাব করা হয়েছে, যাদের আন্তর্জাতিক আইন সম্পর্কে দক্ষতা এবং অপরাধীর অপরাধ প্রমাণের যোগ্যতা রয়েছে।"
বিভিন্ন দেশের গণহত্যা নিয়ে যে সব সংস্থা কাজ করেছে তাদের সহায়তাও চেয়েছেন আইনমন্ত্রী।
ন্যায়বিচারের প্রতিশ্র"তি দিয়ে তিনি বলেন, "হয়রানির উদ্দেশ্যে বা রাজনৈতিক বিবেচনায় কাউকে বিচারের আওতায় আনা হবে না। যারা প্রকৃত অপরাধী তাদেরই বিচার করা হবে। স্বচ্ছ বিচার প্রক্রিয়ায় তারা আত্মপক্ষ সমর্থনসহ সব ধরনের সুবিধা পাবেন।"
ইতিহাসবিদ সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে ওই সম্মেলনে বক্তব্য রাখেন হংকং ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক ড. সুজানা লিন্টন, ইইউ পার্লামেন্ট সদস্য জার্মানির হেলমুট স্কলজ, মানবাধিকার বিষয়ক আইনজীবী কানাডার ড. ডেভিড ম্যাটাস।
আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের দুই সদস্য মফিদুল হক ও আক্কু চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক কবির চৌধুরী, অধ্যাপক মুনতাসীর মামুন, সৈয়দ আবুল মকসুদ, আলী যাকের, আয়েশা খানম, সেক্টর কমান্ডারস ফোরামের সমন্বয়ক হারুনূর রশিদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/এমআই/১২৫০ ঘ.
bdnews24