২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গঠনতন্ত্র জমার সময়সীমা বাড়ানোর ইঙ্গিত আশরাফের

রাজনৈতিক দল নিবন্ধনে নির্বাচন কমিশনে (ইসি) গঠনতন্ত্র জমা দেওয়ার সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সময়ের কারণে কোনও রাজনৈতিক দল নিবন্ধনের বাইরে থাকুক তা সরকার চায় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2009, 09:08 AM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দল নিবন্ধনে নির্বাচন কমিশনে (ইসি) গঠনতন্ত্র জমা দেওয়ার সময় বাড়ানোর ইঙ্গিত দিয়ে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সময়ের কারণে কোনও রাজনৈতিক দল নিবন্ধনের বাইরে থাকুক তা সরকার চায় না। রোববার দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর এদিনই প্রথম নিজের মন্ত্রণালয়ে যান সৈয়দ আশরাফ। নির্ধারিত সময়ের মধ্যে কাউন্সিলে গঠনতন্ত্র চূড়ান্ত অনুমোদন করে শনিবার তা ইসিতে জমা দেয় আওয়ামী লীগ। প্রধান বিরোধী দল বিএনপি এখনও তা জমা দেয়নি। বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে কাউন্সিল করার ঘোষণা দিয়েছে। বিএনপিসহ কয়েকটি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে চূড়ান্ত গঠনতন্ত্র জমা দেওয়ার সময়সীমা আগামী জানুয়ারি পর্যন্ত বাড়াতে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের জন্য ইসি ইতোমধ্যে সরকারের কাছে সুপারিশ করেছে। এ বিষয়ে আশরাফ বলেন, "ইসির কোনও প্রস্তাব এখনও সরকারের কাছে আসেনি। তবে আজকের (রোববার) মধ্যে তা আসতে পারে। প্রস্তাব পাওয়ার পর তা বিবেচনা করা হবে।" তড়িঘড়ি করে কাউন্সিল করার ব্যাখ্যা করে আওয়ামী লীগের মুখপাত্র আশরাফ বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের সময় জারি করা নির্বাচন কমিশনের এ অধ্যাদেশকে আমরাই আইনে পরিণত করেছি। আমাদের সম্মেলনের জন্য আমাদের করা আইন আমাদেরই পরিবর্তন করতে আমরা চাইনি। তাই দ্রুত ও স্বল্পতম সময়ের মধ্যে আমরা কাউন্সিল শেষ করেছি।" কাউন্সিলে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন না করা প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, "আমাদের ভোটার তালিকাসহ নির্বাচনের সব প্রস্তুতি ছিল। কিন্তু একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন হয়নি। এর মানে এই নয় যে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হয়নি।" দুই-একদিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে বলে জানান তিনি। আশরাফ বলেন, "দেশের মানুষ চায়, অন্য যে কোনও দলের চেয়ে আওয়ামী লীগ একটু বেশি গণতান্ত্রিক হবে। আমরা যে সংস্কৃতি শুরু করেছি, তাতে ভবিষ্যতে দেশে গণতন্ত্রের ভিত মজবুত হবেই। আজ আমাদের সম্মেলনে বিএনপির প্রতিনিধি এসেছে, একদিন হয়তো তাদের সম্মেলনে আমরাও শুভেচ্ছা বক্তব্য রাখব। এমন দেশই আমরা গড়ে তুলতে চাই।" নিবন্ধনের শর্ত পূরণে সব রাজনৈতিক দলকেই গঠনতন্ত্র ও ঘোষণাপত্রে কিছু পরিবর্তন আনতে হয়েছে। বর্তমান ইসি সর্বপ্রথম রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের আওতায় আনে। বর্তমান আইন অনুযায়ী, ইসিতে নিবন্ধিত দল ছাড়া কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না। তত্ত্বাবধায়ক সরকারের সময় ৩৯টি রাজনৈতিক দলকে নিবন্ধন দেয় ইসি। ওই সময় দলগুলোর কাছ থেকে খসড়া একটি গঠনতন্ত্র জমা নেওয়া হয়। তখন শর্ত থাকে, ছয় মাসের মধ্যে কাউন্সিলে অনুমোদনের পর চূড়ান্ত গঠনতন্ত্র জমা দিতে হবে। যা গণপ্রতিনিধিত্ব আদেশেও যুক্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/আরএ/এমআই/১৬৩৯ ঘ.