ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত সময়ের মধ্যে কাউন্সিল করে খসড়া গঠনতন্ত্র অনুমোদনের পর তা নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে জাতীয় পার্টি।
শনিবার সকালে জাতীয় পার্টির সাবেক যুগ্ম মহাসচিব হাজি আবু বকরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি সচিবালয়ে এসে গঠনতন্ত্র জমা দেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার বিশেষ কাউন্সিলে এইচ এম এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুমোদিত হয়।
একইদিন জাতীয় কাউন্সিলে ক্ষমতাসীন আওয়ামী লীগের গঠনতন্ত্রও অনুমোদিত হয়েছে। আওয়ামী লীগের বিদায়ী কমিটির উপ-সম্পাদক মৃণাল কান্তি দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, গঠনতন্ত্র জমা দিতে দুপুরের দিকে দলের একটি প্রতিনিধি দল ইসিতে যাবে।
নির্ধারিত সময়সীমা ২৫ জলাইয়ের মধ্যে দলীয় গঠনতন্ত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা মেনে চলতে অনেকটা তড়িঘড়ি করেই ক্ষমতাসীন মহাজোটের দুই শরিক আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কাউন্সিল করে।
বিএনপিসহ কয়েকটি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে চূড়ান্ত গঠনতন্ত্র জমা দেওয়ার সময়সীমা আগামী জানুয়ারি পর্যন্ত বাড়াতে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের জন্য ইসি ইতোমধ্যে সরকারের কাছে সুপারিশ করেছে। তবে এখন পর্যন্ত সরকার কোনও সিদ্ধান্ত নেয়নি।
বিএনপি নেতা মওদুদ আহমেদ জানিয়েছেন, তারা ডিসেম্বরে দলীয় কাউন্সিল করার প্রস্তুতি নিচ্ছেন।
নিবন্ধনের শর্ত পূরণে সব রাজনৈতিক দলকেই গঠনতন্ত্র ও ঘোষণাপত্রে কিছু পরিবর্তন আনতে হয়েছে। বর্তমান ইসি সর্বপ্রথম রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের আওতায় এনেছে।
বর্তমান আইন অনুযায়ী, ইসিতে নিবন্ধিত দল ছাড়া কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না।
তত্ত্বাবধায়ক সরকারের সময় ৩৯টি রাজনৈতিক দলকে নিবন্ধন দেয় ইসি। ওই সময় দলগুলোর কাছ থেকে খসড়া একটি গঠনতন্ত্র জমা নেওয়া হয়। তখন শর্ত থাকে, ছয় মাসের মধ্যে কাউন্সিলে অনুমোদনের পর চূড়ান্ত গঠনতন্ত্র জমা দিতে হবে। যা গণপ্রতিনিধিত্ব আদেশেও যুক্ত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১২৩৩ ঘ.